খোলা জায়গায় ছয় হাজার টন সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট বাফার গুদামের বাইরে খোলা আকাশের নিচে ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে ইউরিয়া সার। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে তোলা l প্রথম আলো
জয়পুরহাট বাফার গুদামের বাইরে খোলা আকাশের নিচে ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে ইউরিয়া সার। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে তোলা l প্রথম আলো

জয়পুরহাটে সারগুদামে জায়গার অভাবে হাজার হাজার বস্তা রাসায়নিক ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। ত্রিপল ও পলিথিন কাগজ দিয়ে ঢেকে বর্ষার বৃষ্টি থেকে তা রক্ষার চেষ্টা করা হচ্ছে। এভাবে খোলা স্থানে মাসের পর মাস পড়ে থাকলে সারের গুণগত মান ও ওজনও কমে যায়।
উত্তরবঙ্গের কৃষিপ্রধান এ জেলায় সার ব্যবসায়ী ও কৃষকেরা দীর্ঘদিন ধরেই এখানে আরেকটি সারগুদাম নির্মাণের দাবি করলেও আজও তা হয়নি।
জয়পুরহাট জেলা সারগুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের সদর উপজেলা পরিষদের পূর্ব পাশে পাকিস্তান আমলে আপৎকালীন মজুতের জন্য (বাফার স্টক) দুই হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণ করা হয়েছিল। দিন দিন কৃষকদের মাঝে ইউরিয়া সারের চাহিদা বেড়ে যাওয়ায় জেলায় সার সরবরাহ বেড়ে যায়। ক্রমে গুদামে সার সংকুলান হওয়া কঠিন হয়ে পড়ে। এখন জায়গা না হওয়ায় খোলা আকাশের নিচে সার রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বর্তমানে দুই হাজার মেট্রিক টন সারের গুদামে চার হাজার মেট্রিক টন সার গাদাগাদি করে রাখা আছে। তারপরও তিন মাস ধরে ছয় হাজার মেট্রিক টন (১ লাখ ২০ হাজার বস্তা) সার গুদামের সামনে খোলা জায়গায় ত্রিপল ও পলিথিন কাগজে ঢেকে রেখে দেওয়া হয়েছে।
জেলার সার ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, খোলা স্থানে ইউরিয়া সার এভাবে বেশি দিন রাখা হলে তা বাতাসে গলে কমে যায়। এ ছাড়া বস্তার ভেতরে জমাট বেঁধে যায়। এই জমাটবাঁধা সার আর কৃষকেরা কিনতে চান না। খোলা জায়গায় রাখা ৫০ কেজির একটি বস্তা থেকে দেড় থেকে দুই কেজি সার কম পাওয়া যায়। বস্তা খুলে কেজি দরে বিক্রি করতে গিয়ে লোকসানে পড়তে হয় খুচরা ব্যবসায়ীদের। আবার কৃষকেরা ৫০ কেজি ওজনের এক বস্তা সার কিনলে তাঁরাও পুরো ৫০ কেজি পান না। তাঁদেরও লোকসান হয়।
জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর গ্রামের কৃষক আবদুল মোত্তালিব, উত্তর জয়পুর গ্রামের শহিদুল ইসলাম এবং কালাই উপজেলা সদরের আবদুর রহিমের অভিযোগ, বাজার থেকে ইউরিয়া সার কেনার পর বস্তার ভেতর জমাটবাঁধা অবস্থায় পাওয়া যায়। জমাটবাঁধা সার ভালো কাজ দেয় না। তা ছাড়া বস্তাপ্রতি দেড় থেকে দুই কেজি সারও কম থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও সারগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, সামান্য সময়ের জন্য ত্রিপল ও পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখা হলে সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা নেই। অতি দ্রুত সারগুলো ডিলারদের মাঝে বরাদ্দ দেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে ৩৮ হাজার ৭৯৪ মেট্রিক টন। এর মধ্যে বাফার গুদামে মজুত রয়েছে ১০ হাজার মেট্রিক টন। সেই সঙ্গে সূত্রটি আরও জানিয়েছে, গত এপ্রিল থেকে চলতি জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত জেলায় ১ হাজার ৭২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকেই এ বৃষ্টির হাত থেকে গুদামের বাইরে রাখা সারগুলো রক্ষা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, জেলায় গত দুই মাসে এত বৃষ্টির পরও খোলা জায়গায় রাখা সারের কিছু ক্ষতি হবে না বলে যে দাবি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক তাহেরুল ইসলাম বলেন, এ জেলায় বাফার গুদাম জরুরি প্রয়োজন। সে জন্য অতীতে বাণিজ্য, কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউল আলম মোল্লা গত সোমবার মুঠোফোনে বলেন, দিনের পর দিন খোলা স্থানে সার রেখে দেওয়ায় এগুলোর গুণগত মান ও ওজন কিছুটা হলেও কমে। তিনি আরও বলেন, তাঁদের সংগঠনের পক্ষ থেকেও গুদাম নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।