শনিবার বেলা ১১টা। হাসপাতালের শিশু ওয়ার্ডের ফটকের পাশেই খোলা জায়গায় মলত্যাগ করছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা। ওয়ার্ডের ভেতরেও এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মল। সেখানে ঘোরাঘুরি করছে কুকুরের দল। এ চিত্র ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের।
হাসপাতালের রোগী ও এলাকাবাসীর অভিযোগ, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হাসপাতালটিতে বছরের পর বছর এমন পরিবেশে চিকিৎসা চলছে। তারপরও পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেই। হাসপাতালের ওয়ার্ডে কুকুর ঘুরে বেড়ালেও এখানে সময়মতো চিকিৎসক পাওয়া যায় না।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রোস্তম আলী বলেন, শুধু ওয়ার্ডে নয়, হাসপাতাল এলাকায় কুকুর ঘুরে বেড়ানোই রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারে। বিষয়টি তাঁরও নজরে এসেছে।
গত মঙ্গলবার রঘুনাথ সিংহা রায় নামের এক যুবক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘হাসপাতাল তো নয়, যেন কুকুরের অভয়াশ্রম!’ শিরোনামে ঠাকুরগাঁও সদর হাসপাতালের গাইনি বিভাগ ও শিশু বিভাগের অবস্থা নিয়ে একটি লেখা দেন। এতে তিনি জানান, কুকুরের অবাধ বিচরণ নিয়ে দায়িত্বে থাকা নার্সদের কাছে অভিযোগ করে তিনি রীতিমতো নাজেহাল হয়েছেন।
গত শনিবার সরেজমিনে এ প্রতিনিধি হাসপাতালে যান। সেখানে দেখা যায়, শিশু ওয়ার্ডের ফটকের কাছে বসে আছেন কয়েকজন অভিভাবক। আশপাশে শিশুদের মল ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে ওয়ার্ডের ভেতরে বসার জায়গা পাননি তাঁরা। মলের পাশে বিচরণ করছে কুকুর। মাছি উড়ছে ভনভন করে। নাম প্রকাশ না করার শর্তে ওই অভিভাবকদের একজন বলেন, ‘সারা দিন কুকুরের দল ওয়ার্ডের ভেতরে দৌড়াদৌড়ি করে। রাতের বেলায় কুকুরগুলো খাটের নিচে আশ্রয় নেয়। টয়লেটগুলোয় ঢোকা যায় না। পুরো হাসপাতালেই দুর্গন্ধ।’
গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন সদর উপজেলার ঢোলরহাট গ্রামের রত্না রানি। তাঁর স্বজন উত্তম কুমার রায় বলেন, ‘দুদিন থেকে এখানে আছি। সময়মতো ডাক্তারের দেখা পাওয়া যায় না। কিন্তু ওয়ার্ডে কুকুর নিয়মিত রাউন্ড দেয় ঠিকই। কুকুরগুলো বাইরের রক্ত-পুঁজ ভরা গজ ব্যান্ডেজ, অপারেশন করে কেটে ফেলা অঙ্গ ও ডায়রিয়া রোগীর সংক্রমিত কাপড়চোপড় ফেলার জায়গা থেকে এসে শিশু ও গাইনি ওয়ার্ডের অস্ত্রোপচার করা রোগীদের বিছানা ঘেঁষে ঘুরে বেড়ায়।’ গাইনি ওয়ার্ডের রোগী আসমা বেগম বলেন, ‘কুকুরগুলো যখন ওয়ার্ডে ঢোকে, তখন গোটা ওয়ার্ড দুর্গন্ধে ভরে যায়।’ তাঁদের কথার সূত্র ধরে ওয়ার্ড ও ওয়ার্ডের বারান্দায় এর সত্যতা পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘লোকবলের অভাবে কর্মীদের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় হাসপাতালে কুকুর ঢুকে পড়ছে।’