চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তিনি তাঁর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিয়েছেন। চট্টগ্রামকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে সাতটি ওয়ার্ডে সরাসরি বর্জ্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে ৪১টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচি শতভাগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম খোলা ডাস্টবিনমুক্ত হবে।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গা ওয়ার্ডের খোলা ডাস্টবিন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে মেয়র এসব কথা বলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের সরাসরি বর্জ্য সংগ্রহ (ডোর টু ডোর) কর্মসূচির আওতায় নগরের সব খোলা ডাস্টবিন অপসারণ কার্যক্রম চলবে। ১ জানুয়ারি থেকে গোসাইলডাঙ্গাসহ সাতটি ওয়ার্ড থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এসব ওয়ার্ডের বাসাবাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে বিন (ময়লা রাখার পাত্র) বিতরণ করা হয়েছে। তাই ওয়ার্ডগুলো থেকে খোলা ডাস্টবিন অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। প্রথমে গোসাইলডাঙ্গা এবং পরে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের খোলা ডাস্টবিনগুলোও অপসারণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইলডাঙ্গার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।