খোলা থাকছে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর সব সরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসাসেবা পাবে। ঈদের পর দিন সীমিত আকারে সরকারি হাসপাতালের বহির্বিভাগও খোলা রাখা হবে। ২৪ ঘণ্টা খোলা থাকবে জরুরি বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এসব কথা বলেছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকেরা কে কখন দায়িত্ব পালন করছেন, সেটি পরিচালকসহ প্রশাসনিক পদে থাকা অন্যরা দেখবেন। ওয়ার্ডবয়, নার্স, পরিচ্ছন্নতাকর্মীদেরও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।’
এ ছাড়া ঈদের দিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালেও রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার। তিনি বলেন, ছুটিতে হাসপাতালের অন্তর্বিভাগে স্বাভাবিক চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক থাকছেন। ঈদের পরদিন থেকে সীমিত আকারে বহির্বিভাগ চালু করা হবে। জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক এস টি এম আবু আজম ঈদের ছুটিকে একটু অন্যভাবে কাজে লাগিয়েছেন। তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে দিনে ৮০০ রোগী থাকে হাসপাতালে। আজ (বুধবার) ছিল দেড় শর মতো। আমি ওয়ার্ডগুলো পোকামাকড়মুক্ত করার কাজ শুরু করিয়েছি।’ ঈদের ছুটিতে অন্তর্বিভাগ চালানোর মতো পর্যাপ্ত চিকিৎসক আছেন বলে তিনি জানান। তবে এই তিন দিন কোনো অস্ত্রোপচার হবে না।