
ঝিনাইদহের নয়টি বিদ্যালয়ে ভবন ছিল একটি করে। তিন বছর আগে জরাজীর্ণ এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন। কিন্তু নতুন ভবন নির্মাণ করা হয়নি। এ অবস্থায় নয়টি বিদ্যালয়ের ক্লাস চলছে টিনের চালা আর খোলা আকাশের নিচে।
শিক্ষকেরা বলছেন, ভবন না থাকায় প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়গুলো পাঠদানের উপযোগী নয় ভেবে অভিভাবকেরা তাঁদের সন্তানদের অন্যত্র নিচ্ছেন। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না বলে বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের মে মাসের প্রথম দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা কার্যালয়ের সমন্বয়ে গঠিত তদন্ত দল জেলার বিভিন্ন বিদ্যালয় ভবন পরিদর্শন করে। সে সময় ঝুঁকিপূর্ণ হওয়ায় নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে তারা। বিদ্যালয়গুলো হচ্ছে সদর উপজেলার বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেবা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব-রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাড়গ্রাম-রাউতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলকুপার পূর্ব-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস চলছে। মাঠে বসেছে তৃতীয় শ্রেণির শিশুরা। আর টিনের চালার নিচে বসেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মমতাজ খাতুন বলেন, ১৯৭৪ সালে তাঁদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে বিদ্যালয়ে চার কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। তিনি বলেন, সরকারি নির্দেশ আসার পর ২০১৩ সালের মে মাস থেকে তিন কক্ষের টিনের চালা তৈরি করে তাতে ক্লাস নেওয়া হচ্ছে। সেটাও নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে খোলা মাঠে তৃতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে।
মমতাজ খাতুন বলেন, বিদ্যালয়ে ভবন না থাকায় প্রতিবছরই ছাত্রছাত্রী কমছে। ২০১৩ সালে ১৫৪ জন শিক্ষার্থী ছিল। ২০১৪ সালে কমে দাঁড়ায় ১০৮ জনে। আর ২০১৫ সালে ছিল মাত্র ৮৭ জন। শিশুদের বসার জায়গা না দিতে পারলে ভবিষ্যতে শিক্ষার্থী পাওয়া কষ্টকর হবে। তিনি বলেন, এত দিন ভবন ছিল ঝুঁকিপূর্ণ। এখন বিদ্যালয়টিই ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে।
কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুজ্জেল হোসেন বলেন, ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে ভবন নির্মাণ করা হয়। সেখানেই পড়ালেখা চলছিল। বর্তমানে ১৬৭ জন শিশু পড়ালেখা করছে। প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টির একমাত্র ভবন ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে বাইরে ক্লাস নিচ্ছেন। নতুন ভবনের আশায় আছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন অর্থ দিয়ে তিন কক্ষের একটি টিনের চালা তৈরি করেছিলেন। সেটাও ভেঙে গেছে। বৃষ্টি আর রোদে বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারে না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বলেন, নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা নূরজাহান বলেন, ১৯০ জন শিক্ষার্থী নিয়ে টিনের চালায় ক্লাস চালাচ্ছেন। দীর্ঘদিন এ অবস্থা চললেও কোনো সমাধান নেই। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল খালেক বলেন, ভবন না থাকায় অভিভাবকেরা ছেলেমেয়ে স্কুলে পাঠাতে চাইছেন না।
জানতে চাইলে সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণের জন্য লিখিত দিয়েছেন। আশা করছেন দ্রুত নতুন ভবন নির্মাণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, নতুন ভবন হতে একটু সময় লাগবে।