খোলা রাস্তায় রসুই ঘরের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পাশে বানানো হচ্ছে চিতই ও ভাপা পিঠা। ক্রেতারাও আগ্রহ নিয়ে খাচ্ছেন এসব পিঠা। গত বুধবার সন্ধ্যায় সিলেটের আম্বরখানা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
রাস্তার পাশে বানানো হচ্ছে চিতই ও ভাপা পিঠা। ক্রেতারাও আগ্রহ নিয়ে খাচ্ছেন এসব পিঠা। গত বুধবার সন্ধ্যায় সিলেটের আম্বরখানা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সিদল ভর্তা, সরিষাবাটা, শুঁটকির ঝোল মিলছে চিতই পিঠার সঙ্গে। বিকেলে হিমেল হাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে অনেকেই তাই চিতই পিঠা খাওয়ার লোভ সামলাতে পারছেন না।
চাইলে নতুন চাল, নারকেল ও খেজুরগুড়ের তৈরি গরম গরম ভাপা পিঠারও স্বাদ নেওয়া যায়। পিঠা ব্যবসায়ীরা বলছেন, শীতের আগে এই সামান্য ঠান্ডায় বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ভিড় জমাচ্ছেন রাস্তার পাশের খোলা দোকানে। মাটির চুলোয় পিঠা বানানোর ধুম লেগেছে সিলেট শহরের আনাচে-কানাচে। সন্ধ্যায় একটু ঠান্ডা বাতাসে পিঠার সঙ্গে জ্বলন্ত লাকড়ির ওমও পাচ্ছেন ক্রেতারা।
সিলেটে এবার যেন একটু আগেভাগেই হাজির হয়েছে শীত! সাতসকালে ঘুম ভাঙলেই দেখা মিলছে কুয়াশার। পাহাড়-টিলা, চা-বাগানে একটু একটু করে ঝরে পড়ছে শিশিরকণা।
হেমন্তের শুরুতে রূপ বদলাচ্ছে প্রকৃতি। এই পরিবর্তন রসুই ঘরের আয়োজনেও ছাপ ফেলেছে। ঘরে ঘরে শীতের আগেই পিঠা বানানো হচ্ছে। সেই পিঠা আবার তৈরি হচ্ছে সদ্য কাটা ধানের নতুন চালে।
নগরের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁতেও নানা পদের পিঠা তৈরি হচ্ছে। লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সিদ্দিক মিয়া বলেন, এখন সন্ধ্যায় অন্য নাশতার বদলে তাঁরা পিঠা বানাচ্ছেন। বেচাকেনাও ভালো।
বন্দরবাজার এলাকায় চার বছর ধরে শীত মৌসুমে ভাপা ও চিতই পিঠা বিক্রি করছেন কোহিনূর মিয়া। তিনি জানান, নতুন চাল, নারকেল ও খেজুরের তৈরি গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়। প্রতিদিন গড়ে ৪০০ ভাপা পিঠা বিক্রি করেন। চিতই পিঠা অন্তত ২০০টি বিক্রি হয়।
গত তিন দিনে সরেজমিনে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, তালতলা, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, লামাবাজার, নয়া সড়ক, আম্বরখানা, চৌকিদেখি, শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, উপশহর, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর, সুবিদবাজার, আখালিয়া, পাঠানটোলা, ভার্সিটি গেট, বালুচর, সোবহানীঘাট এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে কয়েক শ ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিকেল থেকে রাত পর্যন্ত পিঠা বিক্রি করছেন।
নগরের অভিজাত রেস্তোরাঁগুলোতে শীতের পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে পায়েস এবং গুড়ের তৈরি চা বিক্রি হচ্ছে।
বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, শীত আসার আগে নবান্ন মৌসুমে গ্রামের প্রায় পরিবারেই পিঠা তৈরির ধুম পড়ে। গ্রামীণ সমাজের সংস্কৃতি এখন শহুরে মানুষের কাছেও জনপ্রিয়তা পেয়েছে।