
শীতের গায়ে লেগেছে আসন্ন বসন্তের উষ্ণ ছোঁয়া। আমের মুকুলে ভরে গেছে শাখা। উঁকি দিচ্ছে পলাশ-শিমুলের কুঁড়ি। পুরোনো হলুদ পাতা ঝরতে শুরু করেছে একটি-দুটি করে। বিকেলগুলোও দীর্ঘ হচ্ছে ক্রমেই। এমন বিকেলে গাছগাছালির সন্নিবেশে, প্রাণপ্রাচুর্যে ভরা পরিবেশে খানিকটা সময় কাটানো বড় আনন্দময় হয়ে ওঠে। অমর একুশের গ্রন্থমেলায় গতকালের পরিবেশটা ছিল এ রকমই।
সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্তে স্বাধীনতাস্তম্ভ ঘেঁষে বিরাট এলাকা নিয়ে মেলার আয়োজন। পশ্চিম দিকটা খোলা। এ দিকটায় স্টিলের পাইপের রেলিং দিয়ে উদ্যানের যে ঘের দেওয়া হয়েছে, তা মেলার সীমানাপ্রাচীরেরও কাজ করছে। ফলে রাস্তা থেকেই মেলার ভেতরটা দেখা যায়। উদ্যানের মুক্তমঞ্চও চলে এসেছে মেলার ভেতরে। অপর তিন দিকে অবশ্য টিনের প্রাচীর। এবার স্টলগুলোও গুচ্ছ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা এলাকাজুড়ে, গাছগাছালির তলায়। ফলে পুরো মেলা ঘুরে দেখতেই লম্বা সময় লাগে। আর মেলার স্টলের সাজসজ্জাও হয়েছে আগের তুলনায় সুন্দর। ছিমছাম খোলামেলা চেহারাটাই যেন এবারের মেলার আকর্ষণ।

পরিসর বাড়ার ফলে দুটো সুবিধা হয়েছে। গায়ে গায়ে ধাক্কা লাগার ভিড়ভাট্টা নেই এবং স্টলের সামনে দাঁড়িয়ে স্বস্তির সঙ্গেই ক্রেতারা নানা রকমের বই উল্টে-পাল্টে পছন্দেরটি বেছে নিতে পারছেন। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা গতকাল রোববার সে কথাই বলছিলেন, ‘গত শুক্রবার যত লোক হয়েছিল, মেলায় আগের মতো পরিবেশ থাকলে এত লোকের জায়গা দেওয়াই কঠিন হতো।’ সেটিই স্বাভাবিক। বরাবরই শুক্র-শনি ও ছুটির দিনগুলোয় এবং বিশেষ কোনো উপলক্ষ থাকলে মেলায় জনস্রোত বয়ে যায়। অন্যদিনের ভিড় ততটা নয়। এখন লোকসমাগম যেমন, তাতে বিক্রেতারা সন্তুষ্ট। প্রকাশনা সংস্থা ঐতিহ্যর ব্যবস্থাপক আমজাদ হোসেন বললেন, এবার বিক্রি, লোকসমাগম বেশ ভালো। গত বছর এ সময়টায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। এবার তেমন উদ্বেগ-উত্তেজনাময় পরিস্থিতি নেই। শুধু ঢাকার ক্রেতারাই নন, দেশের বিভিন্ন এলাকা থেকেও পাঠকেরা এই মেলায় আসতে চান। গতবার অনেকে আসতে পারেননি। এবার শুরুতেই ঢাকার বাইরের অনেক লোক মেলায় আসছেন।

গতকাল মেলার প্রথম সপ্তাহ পেরিয়ে গেল। বাংলা একাডেমির দেওয়া তথ্যমতে, এ সপ্তাহে মোট নতুন বই এসেছে ৬৯২টি। নতুন বই আসছে প্রতিদিনই। মোড়ক উন্মোচন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এবং একাডেমির প্রাঙ্গণ—মেলার উভয় অংশের মঞ্চেই। উদ্যান অংশে হুমায়ূন আহমেদ চত্বরে গতকাল সন্ধ্যায় মোড়ক উন্মোচন করা হলো বাংলা একাডেমি থেকে প্রকাশিত সালাহ্উদ্দীন আহ্মদ সংবর্ধনা গ্রন্থ-এর। বইটি সম্পাদনা করেছেন আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম ও শামসুজ্জামান খান। মোড়ক উন্মোচন করেন একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গবেষক অধ্যাপক গোলাম মুরশিদ ও একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তাঁরা বলেন, অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ ছিলেন এক অনন্য ইতিহাসবিদ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল মূল্যবোধের একনিষ্ঠ সাধক। তাঁর জীবদ্দশাতেই তাঁর অবদানের মূল্যায়ন করে এই সংবর্ধনা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বইটি প্রস্তুতির সময়ই তিনি প্রয়াত হাওয়ায় বইটি তাঁর হাতে তুলে দেওয়া যায়নি।

মেলায় গতকাল তথ্যকেন্দ্রের দেওয়া হিসাবে নতুন বই এসেছে ১১৮টি। প্রথমা প্রকাশনে নতুন বই এসেছে শিল্পকলা বিষয়ে রফিকুন নবীর দেশসেরা জগৎসেরা শিল্পীকথা। দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পী ও তাঁদের শিল্প সম্পর্কে আলোচনা করেছেন তিনি। এই স্টলে বিকেলে এসেছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর তাঁর একটি গবেষণাগ্রন্থ এসেছে মেলায়। বের করেছে প্রথমা প্রকাশন। তিনি জানালেন, গত শতকের আশির দশক থেকে বইটি লেখার জন্য গবেষণা, তথ্যানুসন্ধান শুরু করেছিলেন তিনি। এই বইটি কেবল বিশ্ববিদ্যায়ের ইতিহাসেই সীমিত নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বাংলাদেশে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির যে বিকাশ ঘটেছিল, তার ব্যাখ্যা-বিশ্লেষণও রয়েছে। বইটি ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক নতুন বই আমীন আহম্মেদ চৌধুরীর ১৯৭১ ও আমার সামরিক জীবন, পুরোনো বইয়ের মধ্যে মুহাম্মদ হাবিবুর রহমানে নাগরিকদের জানা ভালো ও একাত্তরের চিঠির বিক্রি ভালো বলে বিক্রেতারা জানালেন।
অন্য প্রকাশনীর নতুন বইয়ের মধ্যে ছিল অনুপম থেকে ড. করুণাময় গোস্বামীর প্রবন্ধ রবীন্দ্রনাথ হান্টিংটন ও ভারত ভাগ, কথা থেকে যতীন সরকারের সাঁকো বাঁধার প্রত্যয়, মুনতাসীর মামুনের ষড়যন্ত্রের রাজনীতি, গ্রন্থ কানন থেকে কামাল লোহানীর এ দেশ আমার গর্ব, অনিন্দ্য থেকে ফরিদা আক্তারের উত্তরণের অঙ্গীকার। চন্দ্রাবতী একাডেমি থেকে এসেছে মঞ্জু সরকারের উপন্যাস মস্ত বড়লোক, জাকির তালুকদারের বন্ধু আমার। বিশ্বসাহিত্য ভবন থেকে এসেছে সৈয়দ আবুল হোসেনের পবিত্র স্মৃতি: অ্যালবাম।
মেলার একাডেমি অংশের মঞ্চে আলোচনা আর গানের অনুষ্ঠান চলছে, উদ্যানের উন্মুক্ত মঞ্চে নাটক। এর সঙ্গে নতুন বই আর লেখকদের সান্নিধ্য আর ঘুরে বেড়ানোর আনন্দ তো আছেই। মাসটি এই আনন্দ নিয়েই কাটবে গ্রন্থানুরাগীদের।