খোয়া ও কার্পেটিং উঠে বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি–অগ্রখোলা সড়কটি দীর্ঘদিন ধরে​ বেহাল অবস্থায় আছে। ছবিটি মেকাইল গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি–অগ্রখোলা সড়কটি দীর্ঘদিন ধরে​ বেহাল অবস্থায় আছে। ছবিটি মেকাইল গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আটি-অগ্রখোলা সড়কটির তিন কিলোমিটার অংশে কার্পেটিং ও খোয়া উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সাড়ে চার কিলোমিটার সড়কটির আটিবাজার থেকে মেকাঈল এলাকার প্রায় তিন কিলোমিটার অংশে কার্পেটিং ও খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মেকাঈল এলাকার সেতু পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক বেশি বেহাল। আটিবাজার, পালপাড়া ও হিজলা এলাকায় রাস্তার দুই পাশের ইট উঠে গেছে। এসব জায়গায় ছোট-বড় বেশ কয়েকটি গর্ত তৈরি হয়েছে।
কোনাখোলা এলাকার ভ্যানচালক রমিজ মিয়া বলেন, ‘এ সড়কে চলতে গেলে প্রায় সময় ভ্যানের নাটবল্টু ভেঙে যায়। কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ভ্যান চালাতে কষ্ট হয়। সড়কটি দ্রুত মেরামত করা উচিত।’
হিজলা এলাকার হেলাল উদ্দিন মিয়া বলেন, ‘সড়কটির এমন খারাপ অবস্থা হয়েছে যে অটোরিকশা ও ভ্যান দিয়ে যাতায়াত করব সেই সুযোগও নাই। এ কারণে সড়কে যানবাহন চলাচলও কমে গেছে। এলাকার মানুষের স্বার্থে তাড়াতাড়ি সড়কটি মেরামত করা উচিত।’
শাক্তা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন বলেন, ‘সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। এ কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। আমি চাই অতি দ্রুত সড়কটি সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হোক।’ উপজেলা প্রকৌশলী শাজাহান আলী বলেন, ‘বরাদ্দ চাওয়া হয়েছে। পেলে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করব।’