খোয়াই থেকে বালু তোলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোয়াই নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং খোয়াই রিভার ওয়াটারকিপার নামের দুটি সংগঠন। এতে কয়েক শ মানুষ অংশ নেয়।
প্রতিবাদ সভায় বাপার জেলা শাখার সভাপতি ইকরামুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। এতে বক্তারা বলেন, কিছুসংখ্যক বালুদস্যুর কারণে খোয়াই নদ ঝুঁকিতে পড়েছে। তারা যেনতেনভাবে বালু তোলায় এ বিপর্যয় দেখা দিয়েছে। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সদর উপজেলার রাঙ্গেরগাঁও, মশাজান, বাতাসার, নোয়াবাদ ও আব্দারখাই গ্রামের কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী খোয়াই নদ থেকে প্রতিদিন অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু তুলছে। এতে জেলা শহর রক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে। নদ তার স্বাভাবিক গতি হারাচ্ছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপার জেলা শাখার সহসভাপতি আবিদুর রহমান ও তাহমিনা বেগম, আইনজীবী দেওয়ান মিনহাজ গাজী, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল তালুকদার, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাসদের নেতা জুনায়েদ আহমেদ, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপারের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাপার জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন ও এস এম আল-আমিন সুমন, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, তারুণ্য সোসাইটির সংগঠক আরফিন আবদাল রিয়াদ এবং গ্রামবাসী সৈয়দ ছালেক আহমেদ, আবদুল মান্নান, সালেহ উদ্দিন, মস্তুর আলী, কাচন মিয়া ও সিরাজ আলী।