>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
দৈর্ঘ্য সাত কিলোমিটার। এর মধ্যে পাঁচ কিলোমিটারই বেহাল। পিচ ঢালাই উঠে গেছে। নিচের খোয়াও ঠিকমতো নেই। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত।
১৫ বছর ধরে সংস্কারহীন নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে বকজুড়ি খেয়াঘাট পর্যন্ত সড়কের এ অবস্থা। ফলে লোহাগড়া এবং ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বাসিন্দাদের ২০ কিলোমিটার ঘুরতে হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সিডি বাজার থেকে বকজুড়ি খেয়াঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটারের চেহারা সড়কের মতো নেই। সিডি বাজার এলাকায় চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের কাছে সড়কের একাংশ ধসে পুকুরে চলে গেছে। এ স্থান দিয়ে বড় যানবাহন, এমনকি প্রাইভেট কার ও মাইক্রোবাসও চলতে পারে না। অটোরিকশা ও ইজিবাইকের মতো ছোট যানগুলো পুকুর-লাগোয়া বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে এলাকাটি পার হচ্ছে।
চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামান বলেন, এখানে মাঝেমধ্যে ছোট যানবাহন উল্টে যায়, পুকুরেও পড়ে। যানবাহন চলায় খেলার মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে।
সিডি বাজার থেকে আড়িয়ারা হয়ে আমডাঙ্গা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকার পিচ ও খোয়া উঠে গেছে। এরপর চর আড়িয়ারা থেকে বকজুড়ি খেয়াঘাট পর্যন্ত ইট বিছানো সড়ক। জায়গায় জায়গায় ইট উঠে গিয়ে গর্ত হয়ে আছে।
লোহাগড়া সদর থেকে আলফাডাঙ্গায় গিয়ে অফিস করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম। তিনি বলেন, লোহাগড়া-বকজুড়ি খেয়াঘাট সড়কের অবস্থা খারাপ হওয়ায় তিনি এ সড়ক এড়িয়ে চলেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকই বলেন, নড়াইলের লোহাগড়ার সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর পর্যন্ত অল্প সময়ে যাতায়াতের ক্ষেত্রে লোহাগড়া-বকজুড়ি খেয়াঘাট সড়কটি গুরুত্বপূর্ণ। কারণ, খেয়াঘাট হয়ে মধুমতী নদী পার হলেই আলফাডাঙ্গা। এ পথে বোয়ালমারী উপজেলায় যাতায়াতেও দূরত্ব কম হয়। কিন্তু বর্তমানে সবাই কাশিয়ানী হয়ে ঘুরপথেই আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে যাতায়াত করছেন।
জয়পুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, অন্তত ১৫ বছর আগে লোহাগড়া-বকজুড়ি খেয়াঘাট সড়কে পিচ ঢালাই হয়। এরপর আর সংস্কারের মুখ দেখেনি সড়কটি।
উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনি বলেন, সড়কটি সংস্কারের জন্য গত জুনের আগে একবার এবং দুই মাস আগে আরেকবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।