খেয়া নৌকায় টলমল ওদের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে স্কুল। কোনোমতে চারটে নাকেমুখে গুঁজে বইগুলো শক্ত করে বুকে চেপে ধরে দে ছুট। এত তাড়ার কারণ পাড়ি দিতে হবে নদী। ভরসা একটি ছোট্ট খেয়া। একটু বাতাস উঠলেই খেয়া নৌকা দোলে। আর তখন ভয়ে টলমল করে ছোট ছোট শিক্ষার্থীর বুক। মাঝনদীতে এটি উল্টে গেলে উপায় কী?

একরকম চোখ বন্ধ করে রোজ সকালবেলা জীবনের ঝুঁকি নিয়ে তারা খেয়া নৌকায় নদী পার হয়। এরপরই স্কুলের মাঠ। বিকেলে আবার একই ভয় ভর করে তাদের ওপর।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে নদীর ওপর জমির মৃধা সেতু ভেঙে গেছে প্রায় ১০ মাস হলো। এখনো তা সংস্কার করা হয়নি। এই সেতু পেরিয়েই যেতে হয় খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ে। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা।

সেতুটি ভেঙে পড়ায় বেতাগী সানকিপুর ইউনিয়ন দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে শুধু শিক্ষার্থীদেরই নয়, উপজেলার সঙ্গে ইউনিয়নের সবার সহজ যোগাযোগ, পড়াশোনা, জরুরি স্বাস্থ্যসেবাসহ সব কার্যক্রম জটিল হয়ে পড়েছে।

ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের মধ্য দিয়ে সুতাবড়িয়া শাখা নদী বয়ে গেছে। নদীর পূর্ব পারে মরদানা, গরম আলী, জাফরাবাদ গ্রামসহ খারিজা বেতাগী ও তফালবাড়িয়া গ্রামের একাংশ। পশ্চিম পারের গ্রামগুলো হচ্ছে রামবল্লভ, দাবাড়ি, চিংগরিয়া, চন্দ্রাবাজসহ খারিজা বেতাগীর এবং তফালবাড়িয়ার অপর অংশ। ১১টি গ্রামের লোকজন জমির মৃধা বাজার এলাকার খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন লোহার বিমের ওপর কংক্রিট ঢালাইয়ের এই সেতুটি ব্যবহার করত।

দশমিনা উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, ইউনিয়নবাসীর যাতায়াতে উপজেলার ঠাকুরের হাটসংলগ্ন পরিত্যক্ত লোহার সেতুটি সরিয়ে এনে এই জমির মৃধা বাজার এলাকায় স্থাপন করা হয়েছিল। ২০১৪–১৫ অর্থবছরে এই সেতু স্থাপন করতে ব্যয় হয় ১০ লাখ টাকা। ১৫০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটির মাঝখানে ৫০ ফুটের মতো অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে দুই পারের মানুষ দুর্ভোগে পড়েছে।

খেয়া নৌকায় চড়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: শংকর দাস
খেয়া নৌকায় চড়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: শংকর দাস

সরেজমিনে দেখা যায়, স্কুলের ছোট শিক্ষার্থীরা একটি খেয়া নৌকায় নদী পার হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকায় নদী পার হতে খুব ভয় করে তাদের। তারপরও লেখাপড়ার জন্য কষ্ট করে স্কুলে আসতে হচ্ছে।

বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিরণ আহমেদ বলেন, সেতু ভেঙে পড়ায় নদীর পূর্ব পারের বিশেষ করে ছোট শিশুদের স্কুলে উপস্থিতি কমে যাচ্ছে। বাড়ি থেকে অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। স্কুল শুরুর আগে ও ছুটি শেষে শিক্ষকদের খেয়াঘাটে যেতে হয়। কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এ ব্যাপারে নজরদারি রাখতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল মিলে এই স্কুলে মোট শিক্ষার্থী প্রায় ২৪৩ জন। এদের মধ্যে অন্তত ১৫০ জন শিক্ষার্থী নদীর পূর্ব পারের বাসিন্দা। সেতুটি ভেঙে পড়ায় স্কুলে শিশু শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। সেতুটি যখন ভেঙে পড়ার সময় এক শিশুর মৃত্যু হয়েছিল। এখন শিক্ষার্থীরা ছোট্ট খেয়া নৌকায় পারাপার হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।

পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, গত বছর ১৪ ডিসেম্বর দুপুরে বালুবোঝাই কার্গোর ধাক্কায় লোহার সেতুটি ভেঙে পড়ে। এখন সেখানে লোহার সেতু নির্মাণ ঠিক হবে না। জাইকার অর্থায়নে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নীতকরণ প্রকল্পের’ আওতায় আরসিসি ঢালাই সেতুর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালীর দশমিনার খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুতাবড়িয়া শাখা নদীর ওপর নির্মিত সেতুটি গত বছরের ১৪ ডিসেম্বর বালুবোঝাই কার্গোর ধাক্কায় ভেঙে যায়। এ সময় সেতুর ওপর দাঁড়িয়ে থাকা নুরসাত জাহান (৫) নামের একটি শিশু নদীতে পড়ে নিখোঁজ হয়। পাঁচ দিন পর শিশুটির মরদেহ নদীতে ভেসে ওঠে।