খেয়াঘাট দখল করে টোল আদায়!
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া-রণগোপালদীর খেয়াঘাটের ইজারাদার মো. নজরুল ইসলামকে টোল আদায় করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে ইজারাদারের লোকজনকে মারধর করে ঘাটটি আগের ইজারাদার দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নজরুল ইসলাম মারধর ও টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগে গলাচিপা থানায় রোববার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জেলা পরিষদ থেকে বাংলা ১৪১৯ সালের জন্য পাঁচ লাখ ২৩ হাজার টাকায় তিনি উলানিয়া-রণগোপালদী খেয়াঘাট ইজারা নিয়েছেন। ১ বৈশাখ দুপুরে তিনি লোকজন নিয়ে ওই ঘাটে টোল আদায় করার জন্য যান। এ সময় আগের ইজারাদার মোতালেব গাজীর নেতৃত্বে মো. কামরুল, মো. জহির, বুলবুল, স্থানীয় সাংসদ গোলাম মাওলার ভাই মো. গোলাম সরোয়ারসহ ১৫-১৬ জন অস্ত্রসহ তাঁর লোকজনের ওপর হামলা করেন। হামলায় তাঁর পক্ষের মো. মাসুম (১৮) ও মোতাহার হোসেন (৪৫) আহত হন। গতকাল সোমবারও ঘাটটি মোতালেব গাজীর লোকজন দখলে রেখে টোল আদায় করেছে। তাঁদের ঘাটে যেতে দেওয়া হচ্ছে না।এ ব্যাপারে মোতালেব গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সাংসদের ভাই মো. গোলাম সরোয়ার বলেন, ‘আমি যতটুকু জানি, ঘাটের ইজারা গত বছর মোতালেব গাজীর নামে নেওয়া হয়েছিল। পরে এলাকার বেশ কিছু লোককে ঘাটের ইজারার অংশীদার করা হয়। বাংলা ১৪১৯ সালের জন্য ইজারা পেয়েছেন মো. নজরুল ইসলাম সিকদার। তবে এর আগে চলতি বছরের জন্য আবারও মোতালেব গাজী ইজারা পেয়েছিলেন। কিন্তু জেলা পরিষদ ওই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করেছে। এ নিয়ে রেষারেষির পরিপ্রেক্ষিতে গত শনিবার দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এ ঘটনায় মোতালেব গাজীর লোকজন পাল্টা মামলা করছে। এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন জানান, ঘাটটি নজরুল ইসলামকে ইজারা দেওয়া হয়েছে। আগের ইজারাদার মোতালেব গাজীর লোকজন এটি দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গলাচিপা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, খেয়াঘাটটির টোল আদায় নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।