খেয়াঘাট নিয়ে আ.লীগ নেতাদের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সরকারিভাবে ইজারা দেওয়া একটি ঘাট আকার্যকর করে দুই কিলোমিটার দূরে অবৈধভাবে আরেকটি ঘাট স্থাপন করে টোল আদায়সহ যাত্রী পারাপার করছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। বিষয়টির প্রতিকার ও অবৈধ ঘাটটি উচ্ছেদ চেয়ে ইজারাদার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দুই পাড়ের পশ্চিমে সদর ইউনিয়নের গোপালপুর ও পূর্বে চরঝাউকান্দা ইউনিয়নের চরমঈনূট ঘাট অবস্থিত। এই পথ দিয়ে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর হয়ে মাত্র দেড় ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যায়। চলতি ১৪১৮ সনে চরভদ্রাসনের আবদুল কুদ্দুছ পাটনী ৬৮ লাখ টাকায় গোপালপুর ঘাটটি ইজারা নিয়েছেন। তাঁর পক্ষে উজ্জ্বল মৃধা এটি পরিচালনা করছেন।উজ্জ্বল মৃধা জানান, ২৪ নভেম্বর স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, যুবলীগের আহ্বায়ক কাওসার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যার ভাতিজা রাসেল কাজীর সহায়তায় গোপালপুর ঘাট থেকে দুই কিলোমিটার উজানে এমপিডাঙ্গি এলাকায় আরেকটি ঘাট বসানো হয়। সেখানে টোল আদায়সহ ট্রলার ও স্পিডবোটে যাত্রী পারাপার চলছে। তিনি অভিযোগ করেন, যাত্রীরা যাতে গোপালপুর ঘাটে যেতে না পারে, সে জন্য বাজার এলাকার মসজিদ ও ভূমি অফিসের সামনে থেকে লোকজন ভাগিয়ে এমপিডাঙ্গি ঘাটে নিয়ে যাচ্ছেন অবৈধ ঘাট পরিচালনাকারী ব্যক্তিরা।এমপিডাঙ্গি ঘাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীরটেক ইউপির চেয়ারম্যান আজিজুল হক বলেন, গোপালপুর ঘাটের ইজারাদার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও হয়রানি করেন। এ বিষয়ে কয়েকবার সালিস হলেও তাঁকে সংযত করানো যায়নি। তাই আলাদা ঘাট করা হয়েছে।নতুন ঘাটের তদারকিতে নিয়োজিত মো. জাহিদ হোসেন জানান, এটি আন্তইউনিয়ন ঘাট। সদর ও চরঝাউকান্দা ইউনিয়নের দুই চেয়ারম্যান বৃহস্পতিবার থেকে এটি চালু করেছেন। যাত্রীদের কাছ থেকে ট্রলারে ৩০ ও স্পিডবোটে ১০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, তবে মালের কোনো ভাড়া নেওয়া হয় না। গোপালপুর ঘাট সম্পর্কে তিনি বলেন, ‘ওটা তো আন্তজেলা ঘাট, ওদের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা বা সমস্যা নেই।’তবে এ বক্তব্য নাকচ করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, গোপালপুর-চরমঈনূট ঘাটটিও আন্তইউনিয়ন ঘাট।চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, ‘গোপালপুর ঘাটকে আন্তজেলা ঘাট বানিয়ে আমরা পৃথক একটি আন্তইউনিয়ন ঘাট চেয়ে ইউএনওর বরাবর আবেদন করেছি।’ চরভদ্রাসন ইউপির চেয়ারম্যান রাজ্জাক হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের লোকজনই নতুন ঘাটটি বসিয়েছেন।আনুমোদনের আগে নতুন ঘাট চালু করা প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, ঘাট চালু হলেও যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বিষয়টি জানেন ও তিনিও তাঁদের সঙ্গে আছেন।কাজী জাফরউল্যাহ বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ভাতিজা রাসেল কাজী বলেন, উপজেলা পরিষদের সভায় নতুন ঘাটের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। পরে কাজী জাফরউল্যা নতুন ঘাট করার অনুমতি দিয়েছেন।