খেয়াঘাট বন্ধ, লাখো মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীতে চর পড়ায় কালীতলা ও মথুরাপাড়া খেয়াঘাট বন্ধ রয়েছে। এখন চরের মানুষ ধলিরকান্দি এলাকার ঘাট দিয়ে চলাচল করছে। ছবিটি গত মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি থেকে তোলা l প্রথম আলো
যমুনা নদীতে চর পড়ায় কালীতলা ও মথুরাপাড়া খেয়াঘাট বন্ধ রয়েছে। এখন চরের মানুষ ধলিরকান্দি এলাকার ঘাট দিয়ে চলাচল করছে। ছবিটি গত মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি থেকে তোলা l প্রথম আলো

যমুনা নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে ওঠায় বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা খেয়াঘাট থেকে ১৬টি পথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে চার মাস ধরে ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলের সাত ইউনিয়নের কয়েক লাখ মানুষ।

গত ১২ জানুয়ারি সকালে সারিয়াকান্দি সদরের কালীতলা খেয়াঘাটে গিয়ে দেখা গেছে, ঘাট এলাকায় সুনসান নীরবতা। ঘাটে নেই যাত্রীর জন্য মাঝিমাল্লাদের হাঁকডাক। কয়েকজন কুলিকে অলস বসে থাকতে দেখা যায়। ঘাটের যেখানে নৌকা এসে ভিড়ত, সেখানে এখন বালুচর। বালুচরে আটকা পড়েছে কয়েকটি নৌকা।

স্থানীয় মাঝিমাল্লারা বলেন, সারিয়াকান্দির সাতটি ইউনিয়ন বহাইল, কাজলা, চালুয়াবাড়ী, কর্ণিবাড়ী, চন্দনবাইশা, কামালপুর, হাটশেরপুরে প্রায় ৫০টি চর রয়েছে। চরাঞ্চলের লোকজন ছাড়াও গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের কাজীপুরের লোকজন নৌকায় সারিয়াকান্দিতে যাতায়াত করে। কালীতলা খেয়াঘাট থেকে ১৬টি পথে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ নৌকা চলাচল করত।

খেয়াঘাটকে কেন্দ্র করে কালীতলা গ্রোয়েন বাঁধে গড়ে ওঠা ৭০-৮০টি দোকানের দুটি বাদে সবগুলোই বন্ধ। চরাঞ্চলের মানুষ নৌকায় এসে এসব দোকান থেকে সওদা কিনত। ঘাটে চারটি খাবারের হোটেল থাকলেও সেগুলো চার মাস ধরে ঝাঁপ খোলে না।

মনিহারি দোকানি বাবুল মিয়া বলেন, ‘চার মাস ধরে ঘাট বন্ধ। লোকজনের আনাগোনা নেই। বেচাকেনা বন্ধ। পুঁজি ভেঙে খাচ্ছি।’

ঘাটের কুলি সায়মদ্দিন প্রামাণিক বলেন, ‘লাওত মালামাল তোলানামা করে হামাকেরে ভাত জোটে। এখন নদীত বালুচর। যমুনাত পানি নাই। হামাকেরে কামাই বন্ধ। প্যাট চলে না।’

ঘাটের দোকানিরা বললেন, দুই বছর আগে যমুনার ভাটিতে চন্দনবাইশা-রোহদহ এলাকায় বাঁধ ভেঙে যায়। তখন প্রবল স্রোতে নদীর গতিপথ সব ওলট-পালট হয়ে যায়। ওই সময় নদীর উজানে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য ডুবোচর পড়ে। কালীতলা খেয়াঘাট এলাকায়ও পানি কমে যায়। বর্ষার পরপরই দেলুয়াবাড়ী, হাসনাপাড়া-অন্তরপাড়া, দীঘলকান্দিতে চর জেগেওঠে। এখন নৌকা ভিড়তে পারছে না। বছরের বেশির ভাগ সময় অচল থাকছে এই ঘাট। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ঘাট বন্ধ। সেই থেকে স্থবির ঘাটের ব্যবসা-বাণিজ্য। চরাঞ্চলের শিক্ষার্থীরা উপজেলা সদরের স্কুল-কলেজে যাতায়াত করতে ভোগান্তি পোহাচ্ছে।

এখন সারিয়াকান্দির সঙ্গে মাদারগঞ্জ-সরিষাবাড়ী, ফুলছড়ি, সাঘাটা, বালাসি, সোনাতলা (পাকুল্যা), তারাকান্দি (যমুনার সার কারখানা), কাজীপুর, ধুনট, চন্দনবাইশা, চরবহাইল, কাজলা-বেনীপুর, মানিদদাইর, চালুয়াবাড়ী, হাসনাপাড়া-দিঘাপাড়া-কামালপুর, কর্ণিবাড়ী-নয়াপাড়া ও মথুরাপাড়া-আওলাকান্দি পথে নৌযান চলাচল বন্ধ।

কালীতলা ঘাট বন্ধের পর পাঁচ কিলোমিটার ভাটিতে মথুরাপাড়া খেয়াঘাটে নৌকা ভিড়ত। কিন্তু ডুবোচরের কারণে সেই ঘাটও দেড় মাস ধরে বন্ধ। বেলা ১১টার দিকে পাঁচ কিলোমিটার ভাটিতে মথুরাপাড়া খেয়াঘাটে গিয়ে দেখা গেল, নদীতে চর পড়েছে। ঘাট বন্ধ। কিন্তু নদী নাব্যতা হারানোয় গত বছরের ডিসেম্বর মাসের প্রথম থেকে এই ঘাটে নৌকা ভিড়ছে না।

মাঝি মালেক কাজী বলেন, ‘ঘাটত নৌকা বান্ধে থুয়ে অ্যানা বাড়িত গেচি, বিয়ান বেলা আসি দেকিচ্চি শুকনা নদীর বালুচরত নৌকা আটকা।’

মথুরাপাড়া ঘাট থেকে বালুর বাঁধ ধরে দুই কিলোমিটার ভাটিতে কুতুবপুর ইউনিয়নে মাদারগঞ্জ ঘাট। ঘাটে গিয়ে দেখা যায়, ৩০-৩৫টি নৌকা ঘাটে ভিড়েছে। চরাঞ্চলের লোকজন নৌকায় এই ঘাটে এসে নামছে। পণ্য ওঠানামা চলছে নৌকায়।

বোহাইল চরের কৃষক আফজাল মণ্ডল বললেন, এবার ১০ মণ পাট বিক্রি করতে চান। কালীতলা ঘাটের কাছে সারিয়াকান্দি হাট। এখন মাদারগঞ্জ ঘাট থেকে ভ্যানে করে যাবেন। পরিবহন খরচ দ্বিগুণ হয়ে গেছে।

বোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, কালীতলা ও মথুরাপাড়া ঘাট বন্ধ হওয়ায় যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরবাসীকে। কালীতলা ঘাটের অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চরের কেউ অসুস্থ হলে নৌকায় করে কালীতলা ঘাট থেকে সহজে হাসপাতালে নেওয়া যেত। এখন মাদারগঞ্জ ঘাট থেকে ভ্যানে করে সাত মাইল পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়। রাতে মাদারগঞ্জ থেকে মথুরাপাড়া পর্যন্ত ভ্যানও পাওয়া যায় না।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, কালীতলা ও মথুরাপাড়া ঘাটের উজান-ভাটিতে চর জেগে উঠেছে। ঘাট সচল ও নৌযোগাযোগ স্বাভাবিক রাখতে নদী খনন করা দরকার। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নদী খননের মতো এত বিপুল বরাদ্দ মিলছে না।