খেয়াঘাটে যাওয়ার রাস্তায় ভোগান্তি চরমে

বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের পাশ দিয়ে বয়ে গেছে রামপাল নদ (মোংলা-ঘষিয়াখালী চ্যানেল)। ওই নদীর রামপাল খেয়াঘাট অংশে যাত্রী পারাপারের জন্য নেই ভালো কোনো ঘাট। তা ছাড়া ঘাটে যাওয়ার জন্য ছোট যে ইট বিছানো সড়কটি রয়েছে সেটির অবস্থাও নাজুক। ইট উঠে গেছে বেশির ভাগ স্থানে। এবড়োখেবড়ো দশা রাস্তার।
মূল সড়ক থেকে খেয়াঘাটে যাওয়ার ওই রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট। কিন্তু ওই পথটুকু পাড়ি দিতেই ভোগান্তি চরমে পৌঁছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি যেন অন্তহীন মনে হয়।
জানা গেছে, নদের ওপারেই রয়েছে রামপাল উপজেলার পেড়িখালী ও চন্দ্রাখালী নামের দুটি ইউনিয়ন। তা ছাড়া রয়েছে মোংলা উপজেলাও। ওই দুই ইউনিয়নের লোকজনকে উপজেলায় আসতে নদটি পার হতে হয়। আর মোংলা উপজেলার কিছু লোকও এই অংশ দিয়েই পার হন। সব মিলিয়ে প্রতিদিন নদটি পার হন সাত হাজারেরও বেশি লোক। আর ঘাটটি নিয়ন্ত্রিত হয় মাঝি সমিতি থেকে। নদী পারাপারের জন্য জনপ্রতি প্রতিবার নেওয়া হয় পাঁচ টাকা করে। আর মোটরসাইকেলপ্রতি নেওয়া হয় ৩০ টাকা। ভ্যান পার হতে লাগে ৫০ টাকারও বেশি। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পারাপার হতে কোনো টাকা লাগে না।
সম্প্রতি ওই ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, রামপাল উপজেলার মধ্য দিয়ে মূল যে সড়কটি চলে গেছে সেটি শেষ হয়েছে ওই ঘাট এলাকায় গিয়ে। তবে সড়কটি মূল সড়ক থেকে অনেকটা উঁচু। ফলে ওই রাস্তায় কোনো যানবাহন উঠতে পারে না। যানবাহনগুলো একটু ঘুরে পাশের জমি ব্যবহার করে সড়কটির মাঝবরাবর গিয়ে রাস্তায় ওঠে। সড়কটির প্রথম অংশে ইটের কোনো চিহ্ন নেই। আছে শুধু বালি। কিছু দূর পর রাস্তায় ইটের উপস্থিতি দেখা গেলেও তাও এলোমেলোভাবে পেতে রাখায় রাস্তা হয়ে উঠেছে এবড়োখেবড়ো। এ অবস্থায় ওই পথ দিয়ে চলাচল করতে ভোগান্তির সীমা থাকছে না মোটরসাইকেল ও ভ্যানচালকদের। আর যাঁরা হেঁটে আগান, তাঁরাও ওই সড়ক এড়িয়ে পাশের মাটির ওপর দিয়ে আগান। জানা গেছে, ঘাটটির এ অবস্থা দুই বছরেরও বেশি সময় ধরে। কয়েক মাস আগে অন্যপাশের ঘাট ও সংযোগসড়কটি ঠিক করা হলেও এপাশে তা করা হয়নি।
পেড়িখালী ইউনিয়নের ইয়াসিন আরাফাত পড়েন রামপাল ডিগ্রি কলেজের প্রথম বর্ষে। প্রতিদিনই ওই ঘাট পার হয়ে কলেজে যাতায়াত করেন তিনি। ইয়াসিন বলেন, শুষ্ক মৌসুমে যাতায়াতে সমস্যা না হলেও বড় ধরনের সমস্যায় পড়তে হয় বর্ষা মৌসুমে। ওই সময় কাঁদা-বালিতে হাঁটা কষ্টকর হয়ে পড়ে।
চন্দ্রাখালী ইউনিয়নের শামসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, নানা প্রয়োজনে উপজেলায় আসতে হয়। মোটরসাইকেল নিয়ে ঘাটের এই অংশটুকু পার হতে অনেক ঝুঁকি নিতে হয়। ইটের ফাঁকে মোটরসাইকেলের চাকা আটকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ব্যাপারে ঘাটের ব্যবস্থাপকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।
ওই ঘাটের ব্যবস্থাপক ও মাঝি সমিতির সভাপতি শাজাহান শেখ বলেন, ঘাট পার হওয়ার এই সংযোগসড়কটি আগে ভালো ছিল। কিন্তু মোংলা-ঘষিয়াখালী চ্যানেল ড্রেজিংয়ের সময় এটি নষ্ট হয়ে যায়। পরে নিজেদের খরচেই কিছু মেরামতকাজ করা হয়। এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যানকে অনেকবার জানানো হয়েছে। তিনি ঘাটটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জামিল হাসান বলেন, ‘ঘাটটির ব্যাপারে আমি অবগত আছি। কিন্তু এ মুহূর্তে ইউনিয়ন পরিষদের কোনো বাজেট নেই। টাকা পেলে সবার আগে ওই ঘাটটির কাজ করা হবে।’