খেয়াঘাটের জায়গায় দেয়াল ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলা খেয়াঘাটের জায়গা দখল করে নির্মাণ করা দেয়াল গতকাল শনিবার ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় এক পাথর ব্যবসায়ী কয়েক দিন আগে দেয়ালটি তুলেছিলেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভৈরব নদের তালতলা খেয়াঘাটের এক পাশে অভয়নগরের তালতলা, অপর পাশে আদিলপুর গ্রাম। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন উপজেলার চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ নৌকায় পার হয়ে উপজেলা সদর নওয়াপাড়ায় যাতায়াত করে। কিন্তু এক বছর আগে নদের তালতলা অংশে খেয়াঘাটের পাশে জায়গা বন্ধক নিয়ে একটি পাথরঘাট নির্মাণ করেন স্থানীয় ব্যবসায়ী আবদুর রহিম। এলাকার লোকজন তখন বাধা দিলেও তিনি তা আমলে নেননি। সেই পাথরঘাটের পাশে এবার খেয়াঘাটের জায়গা দখল করে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন আবদুর রহিম। কয়েক দিন আগে এ নির্মাণকাজ শুরু হয়। এলাকাবাসীর সব বাধা উপেক্ষা করেই এ নির্মাণকাজ অব্যাহত ছিল। এ নিয়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। তবে কোনো সুরাহা হয়নি। এ পরিপ্রেক্ষিতে গতকাল এলাকাবাসী সমবেত হয়ে দেয়ালটি গুঁড়িয়ে দেয়।
বাঘুটিয়া গ্রামের নাজমুল হোসাইন বলেন, ঘাট দখল করে দেয়াল নির্মাণ করা হচ্ছিল। তাই বিক্ষুব্ধ লোকজন সেটি ভেঙে দিয়েছে।
তবে ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘আমার পাথরঘাট ও খেয়াঘাটের মধ্যে একটি গর্ত সৃষ্টি হয়েছে। লোকজন যাতে সেখানে পড়ে না যায়, সে জন্যই আমি গর্তের ওপরে আট ফুট লম্বা দেয়াল নির্মাণ করেছিলাম। তা ছাড়া আমি দেয়াল বরাবর রাস্তাটি সোজা করতে চেয়েছিলাম।’
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, যুগ যুগ ধরে প্রতিদিন হাজারো মানুষ এই খেয়াঘাট দিয়ে ভৈরব নদ পারাপার হয়। কোনোভাবেই সেটি দখল করতে দেওয়া হবে না।