খেয়েদেয়ে ফিরে গেল বরযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল। আমন্ত্রিত অতিথিরাও উপহার নিয়ে এসেছিল কনের বাড়িতে। খাওয়া-দাওয়াও শেষ। কিন্তু পাত্রীর বিয়ের বয়স না হওয়ায় স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিয়েটি আর হয়নি। উপহার ফিরিয়ে নিয়ে যান অতিথিরা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়।
স্থানীয় ও কনেপক্ষের লোকজন জানান, উপজেলার দ্বীপপুর ইউনিয়নে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার বুজরুককৌড় গ্রামের মেহেদি হাসানের সঙ্গে বিয়ে ঠিক হয়। গতকাল বুধবার ছিল বিয়ের দিন। বিয়ে উপলক্ষে দুপক্ষের আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু দুপুরে পুলিশ মেয়েটির বাড়ি গিয়ে বিয়েতে বাধা দেয়। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ে বন্ধ করে মেয়েটির বাবাকে থানায় ডেকে নেয়। পরে অবশ্য মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
এদিকে মেয়ের বাড়িতে পুলিশ আসার খবর শুনে মাঝপথ থেকে ফিরে যায় বরযাত্রীরাও।
গতকাল দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত দেখা যায় মেয়েপক্ষের লোকজনকে। তবে পুলিশের বাধার মুখে খাওয়া-দাওয়া সেরে চলে যান তাঁরা। এ সময় অনেককে উপহার ফিরিয়ে নিতে দেখা যায়।
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভর্তির রেজিস্ট্রি অনুযায়ী মেয়েটির বয়স ১৪ বছর। বিয়ের খবর জানার পর গতকাল সকালে তিনিসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে না দেওয়ার অনুরোধ করেন অভিভাবকদের।
স্থানীয় দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান জানান, তিনি বাল্যবিবাহের বিষয়টি জানার পর দুপুরে গ্রামপুলিশ নিয়ে গিয়ে সব আয়োজন বন্ধ করে দিয়েছেন।
বাগমারা থানার উপপরিদর্শক মাহাবুর রহমান জানান, মেয়ের বিয়ের বয়স না হওয়ার জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিবেন না বলে থানায় মুচলেকা দিয়েছেন।
মেয়ের বাবা বলেন, এই বয়সে যে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, তা তিনি জানতেন না। তাই বিয়ের সব আয়োজন সম্পন্ন করেছিলেন। এখন বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তিনি আর মেয়ের বিয়ে দেবেন না বলে জানান।