খৈল খেয়ে ২২ গরু অসুস্থ মারা গেছে ২০ মণ মাছ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি খামারে খৈল খেয়ে ২২টি গরু অসুস্থ হয়ে পড়েছে এবং প্রায় ২০ মণ মাছ মারা গেছে। গত মঙ্গল ও বুধবার গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পচা খৈল খেয়ে এ অবস্থা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী খামারমালিক খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনার বাংলা ডেইরি ফার্মে গত মঙ্গলবার সকালে ১১টি গাভি ও ১১টি বাছুর গড়াগড়ি ও রক্ত পায়খানা করতে থাকে। খবর পেয়ে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুস সালাম ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর চিকিৎসা করেন। এর মধ্যে তিনটি গাভির অবস্থা এখনো অপরিবর্তিত। একেকটি গাভির মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা এবং প্রতিটি বাছুরের দাম প্রায় ৭০-৮০ হাজার টাকা। বুধবার সকালে পাশের মাছের খামারেও বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মরে ভেসে ওঠে।ডেইরি ফার্মের মালিক মাসুম বিল্লাহ বলেন, তিনি গত সোমবার দুপুরে কুমারখালি শহরের পিকে এন্টারপ্রাইজ থেকে গাভি ও মাছের জন্য ৭৪ কেজি খৈল কিনে আনেন। ওই দিন রাতেই গাভি ও বাছুরকে এই খৈল খাওয়ানো হয়। পরদিন সকালে গাভি ও বাছুরগুলো অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা জানান, খৈল খাওয়ানোর কারণে এমনটি হয়েছে। তিনি বাকি খৈল পুকুরে ফেলে দেন। বুধবার সকালে তিনি পুকুরজুড়ে মরা মাছ ভেসে থাকতে দেখেন। তিনি অভিযোগ করেন, তাঁর কেনা খৈলগুলো খুবই নোংরা ও দুর্গন্ধযুক্ত ছিল। কিন্তু পিকে এন্টারপ্রাইজের মালিক সেগুলো ভালো দাবি করে তাঁর কাছে বিক্রি করেন।এ ব্যাপারে পিকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পঙ্কজ কুমার বলেন, সোনার বাংলা ডেইরি ফার্মে যে খৈল সরবরাহ করা হয়েছিল, একই খৈল আরও অনেক খামারে সরবরাহ করা হয়েছে। সেসব খামারে কিছুই হয়নি। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুস সালাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলো অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খৈলগুলো বিএসটিআইয়ে পরীক্ষা না করা পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন তরফদার বলেন, ‘থানায় অভিযোগের ব্যাপারে পিকে এন্টারপ্রাইজকে নোটিশ করা হয়েছে।’