উল, জরি আর সুতির কাপড়ের তৈরি বিচিত্র নকশার টুপি। সেসব টুপি মাথায় দিয়ে ক্রেতারা পরখ করে নিচ্ছিলেন মাপমতো হচ্ছে কি না। তবে খুব বেশি বাছাইয়ের সুযোগ পাচ্ছিলেন না কেউ। কারণ, বিক্রেতাকে ঘিরে অনেক ভিড়। চাঁদ দেখা গেলে আজ বাদে কাল ঈদ। এ জন্য নতুন পোশাকের সঙ্গে মনের মতো একটা টুপিও চাই।
আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে গতকাল শনিবার বিকেলে এই চিত্র দেখা গেল। এখানে ৩০ বছর ধরে টুপি, আতর ও তসবি বিক্রি করছেন মোহাম্মদ হাবিবুর রহমান। তাঁর ফুটপাতের দোকান ঘিরে চলছে জমজমাট বেচাকেনা।
ব্যস্ততার এক ফাঁকে মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২৪ রোজার পর থেকে খুব ব্যস্ত আছি। বেচাবিক্রি অনেক বেড়ে গেছে। এখন লোকজন টুপি, আতর কিনছে।’
অধিকাংশ মানুষ সাদা টুপি পছন্দ করলেও তরুণদের প্রিয় রঙিন টুপি। এখানকার দোকানিরা জানান, প্রতিটি দোকানেই ১০ থেকে শুরু করে ৩০০ টাকা দামের টুপি আছে। এর মধ্যে গোল টুপির দাম ৫০ থেকে ২০০ টাকা। পুঁতির কাজ করা টুপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা।
আন্দরকিল্লা শাহি জামে মসজিদের প্রধান ফটকের ডান পাশে টেবিলের ওপর টুপির পসরা সাজিয়ে বসে ছিলেন সৈয়দ রাসেল। বিক্রি কেমন জানতে চাইলে বলেন, ‘খুবই ভালো। তিন শ টুপির মধ্যে বিক্রি হয়েছে আড়াই শটি। বাকিগুলোও কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে।’
টুপির পাশাপাশি নানা নামের আতরের বিক্রিও ভালো। ফেরদাউস, খশ, মেশক আম্বার, কস্তুরি, মক্কা প্রভৃতি আতরের কদর আছে। ছোট এক শিশি সাধারণ আতর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। এসবের মধ্যে কিছু কিছু আতরের দাম প্রতি তোলা ১০ থেকে ২০ হাজার টাকা।
আন্দরকিল্লায় শাহি মসজিদের ফটকের সামনে পায়জামা ও টুপি বিক্রি করছিলেন মৌসুমি ব্যবসায়ী মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ওখানে দেড় শ থেকে তিন শ টাকায় পায়জামা পাওয়া যাচ্ছে। বড় বড় বিপণিকেন্দ্রে এসব পায়জামার দাম আরও বেশি। তাই লোকজন এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম এসেছিলেন টুপি কিনতে। তিনি বলেন, ‘ঈদের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি কিনেছি।’