খোঁজ নিতে আসেনি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেরা বৃদ্ধ মা আরাফাতুন নেছাকে (৮৫) রাস্তায় ফেলে যাওয়ার পর ছয় দিন ধরে তিনি হাসপাতালে। এ নিয়ে সংবাদও বেরিয়েছে পত্রপত্রিকায়। এই অসহায় মাকে দেখতে ভিড় করছেন অনেকেই। কিন্তু এ পর্যন্ত আসেনি কোনো স্বজন। অথচ হাসপাতালের বিছানায় শুয়ে তাঁর ছেলেদেরই অনবরত খুঁজে চলেছেন বৃদ্ধা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, ৬০ নম্বর কেবিনে শুয়ে আছেন আরাফাতুন নেছা। কেমন আছেন জিজ্ঞেস করলে উত্তরে বলেন, ‘ভালো আছি। কে রে? শাহিন, শামীম?’
৩০ জানুয়ারি রাতে দূরপাল্লার একটি বাস থেকে মাঝবয়সী দুই যুবক বৃদ্ধাকে গৌরনদীর কসবা সেতুর কাছে নামিয়ে রেখে চলে যান। এরপর অসুস্থ এ মানুষটি পথে পথে ঘুরে কাটান ১০টি দিন। ৮ ফেব্রুয়ারি রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন লোকজন।
কর্তব্যরত চিকিৎসক সেকেন্দার আলী মোল্লা জানান, ছয় দিন ধরে হাসপাতালে থাকলেও কোনো স্বজন আসেনি আরাফাতুন নেছাকে দেখতে। বৃদ্ধা এখন সম্পূর্ণ সুস্থ। তিনি আরও জানান, আরাফাতুন নেছা দিনরাত শুধু ছেলে শাহিন ও শামীমের নাম ধরে ডাকেন।
আরাফাতুন নেছাকে নিয়ে প্রথম আলোয় ১০ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশিত হওয়ার পর হাসপাতালে তাঁকে দেখতে ভিড় করছেন লোকজন। কুমিল্লার শামীম ও শাহিন নামে দুই ছেলে তাঁদের বোনের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এখানে নিয়ে এসে আরাফাতুন নেছাকে গৌরনদী সড়কের কাছে ফেলে যান।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, রোগী এখন সুস্থ। তবে এখন তাঁর পুনর্বাসনের প্রয়োজন।