খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী পরিদর্শনে কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রী সংগীতা মণ্ডলের (১৪) আত্মহত্যার বিষয়টি জানতে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী মুঠোফোনে খোঁজ নিয়েছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংগীতার বাড়ি পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা হয়েছে। সংগীতা সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিল।বুধবার সন্ধ্যায় শিক্ষক ভবন হালদারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী লিউটন মণ্ডল তার হাত থেকে খাতা কেড়ে নিয়ে দৌড়ে তাঁদের ঘরে চলে যান। সংগীতা খাতা আনতে গেলে লিউটন তাকে ধর্ষণ করেন। বিষয়টি সে মা-বাবাকে জানায়। রাতেই বাবা কার্তিক মণ্ডল বিষয়টি লিউটনের বাবা প্রহ্লাদ মণ্ডলকে জানান। কিন্তু প্রহ্লাদ তাঁকে বাড়ি থেকে বের করে দেন। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সংগীতা আত্মহত্যা করে।গতকাল দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক এ টি এম জাকির হোসেন, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন সংগীতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে গ্রামবাসী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরে সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা হয়। এতে এ টি এম জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, কামরুল আহসান, অধ্যক্ষ আবদুল লতিফ প্রমুখ বক্তব্য দেন। এ সময় সংগীতার পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সংগীতার পরিবারের জন্য ১০ হাজার টাকা, ঘর তৈরির জন্য পাঁচ হাজার টাকা এবং দুই বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা গত শুক্রবার প্রহ্লাদকে পুলিশের হাতে তুলে দেয়।সংগীতার চাচি মমতা মণ্ডল বলেন, ‘সংগীতা মরে যাওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস বাড়িতে এসে বলেন, পুলিশ এলে বলবে পেটের ব্যথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।’ তবে পরিতোষ কুমার বিশ্বাস তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, শুক্রবার সংগীতার চাচা সঞ্জয় মণ্ডল বাদী হয়ে লিউটন ও প্রহ্লাদকে আসামি করে মামলা করেছেন। প্রহ্লাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।