খোঁজ মিলছে না অভিভাবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর (২৪) সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলেশিশুরও জন্ম দিয়েছেন। তিনি নিজের নাম বলছেন জরিনা। তাঁর অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গত সোমবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকাল আটটার দিকে ফুলবাড়ী-মাদিলা সড়কে এক দোকানের বারান্দায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ওই নারী। এ সময় দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনোয়ার হোসেন তাঁকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুরের দিকে তিনি সন্তান প্রসব করেন।
আনোয়ার হোসেন জানান, সন্তান প্রসবের পর ওই নারীর রক্তশূন্যতা দেখা দেয়। এরপর তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ সেপ্টেম্বর নবজাতক ও মাকে নিজের বাড়িতে আশ্রয় দেন তিনি।
ওই মহিলা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর স্বামী রমজান মাসে তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। নিজের নাম বলছেন জরিনা। স্বামীর নাম বলছেন জাকির হোসেন, বাড়ি জয়পুরহাটে। বাবার নাম বলছেন নুর উদ্দিন খান। বাড়ি রাজধানীর মিরপুরের ১২, কালশী কবরস্থানের পাশে।