খোঁজ মিলছে না সেই গাড়িচালকের
কোনো খোঁজ নেই রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের মাইক্রোবাসের চালক আলী আজমের। পুলিশ বলছে, তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি, তাই কোনো তদন্তও হয়নি। চালকের অবস্থান সম্পর্কেও পুলিশের কাছে কোনো তথ্য নেই।গত সোমবার গভীর রাতে বিপুল অঙ্কের টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক, রেলওয়ের জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট এনামুল হক মাইক্রোবাসযোগে মন্ত্রীর জিগাতলার বাসায় যাচ্ছিলেন। এ সময় ওমর ফারুকের গাড়িচালক আলী আজম আকস্মিকভাবে গাড়িটি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানায় ঢুকিয়ে দেন। গাড়িতে অবৈধ টাকা আছে বলে তিনি চিৎকার দিলে বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করেন। পরদিন সকালে গাড়িচালক আলী আজমকে রেখে পিলখানা থেকে বাকিদের ছেড়ে দেয় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার রাতেও ওমর ফারুক প্রথম আলোকে বলেছিলেন, তিনি চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তখন পর্যন্ত চালক আলী আজমকে বিজিবি আটক রেখেছে বলে তিনি জানান। কিন্তু গতকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি ওমর ফারুক। আর বিজিবি সূত্র বলছে, মঙ্গলবারই চালককে তাঁরা ছেড়ে দিয়েছেন।কিন্তু গতকাল পর্যন্ত আলী আজমের কোনো খোঁজ মেলেনি। এ ব্যাপারে গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলী আজমের নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। তাই পুলিশ কোনো তদন্ত করেনি। এ নিয়ে কিছু জানেও না। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বলতে পারবে।আলী আজম নিখোঁজ হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বেনজীর আহমেদ বলেন, ‘চিলে কান নিয়েছে বললেই তো আর আমরা কানের পেছনে দৌড়াব না। কানে হাত দিয়ে দেখতে হবে, কান আছে কি না।’ কেউ অভিযোগ না করে থাকলে সে ক্ষেত্রে পুলিশের কিছু করার আছে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ রকম ঘটনা ঘটে থাকলে পুলিশ ব্যবস্থা নেবে।’এদিকে ঘটনার পর লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এপিএস ওমর ফারুক। গতকাল বিকেলে তাঁর মোহাম্মদপুরের বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। ফ্ল্যাটের দরজায় তালা মারা। তবে সকালে মুঠোফোনে প্রথম আলোকে ওমর ফারুক বলেছেন, শ্যালিকার বিয়ে নিয়ে তিনি ব্যস্ত আছেন।