এমভি হোপ থেকে তিনজনকে জীবিত ও দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের মুশফিকুর রহমান, মো. মোবারক হোসেন ও রায়েক ফাইরুজ নামে তিন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেত দ্বীপের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়।

এদিকে থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে এফবি পাইলন নামের বাংলাদেশি মালিকানাধীন আরেকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ ১১ নাবিকের মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ২৭ ঘণ্টা পর মাছ ধরার ট্রলারটির খোঁজ পাওয়া গেছে।

এমভি হোপ জাহাজের প্রতিনিধি ও মোবারকের পরিবার সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার হওয়া ময়মনসিংহের মুশফিকুর রহমান জাহাজটিতে ইঞ্জিন ক্যাডেট হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার পর তিনি লাইফ জ্যাকেটের সাহায্যে আন্দামান সাগরে ভাসছিলেন। এ সময় কাছাকাছি থাকা এমভি বক্স লেগুন নামের একটি জাহাজের নাবিকেরা তাঁকে উদ্ধার করেন। একই জাহাজের সেকেন্ড অফিসার মো. মোবারক হোসেনকে সন্ধ্যার দিকে উদ্ধার করেন থাই কোস্টগার্ডের সদস্যরা। রায়েক ফাইরুজকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি। মৃত উদ্ধার হওয়া দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে একজন এমভি হোপ জাহাজে ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে জীবিত উদ্ধার হওয়া জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান, মো. রুবেল, আলী হোসেন ও সাইফুল ইসলামকে এমভি বক্সমুন জাহাজে করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছে। আবু বকর সিদ্দিক নামের অপর নাবিককে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসার পর দেশে আনা হবে। বৃহস্পতিবারই জাহাজের ছয়জন নাবিককে উদ্ধার করা হয়।

 নিখোঁজ নাবিক আলী হোসেনের ছেলে মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘চার দিন আগে জাহাজটি মালয়েশিয়া ছেড়ে আসার আগে বাবা ফোনে জানিয়েছিলেন, এবার রোজা ও ঈদে বাড়িতেই থাকবেন। বাবা আসার অপেক্ষায় ছিলাম আমরাও। বৃহস্পতিবার জাহাজ দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে পরিবারের কারও চোখে ঘুম নেই।’ আলী হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরায়। মো. জাকারিয়ার মতো অধীর অপেক্ষায় কোনো ভালো খবরের জন্য বসেছিলেন মো. ইদ্রিস। তিনি নিখোঁজ নাবিক নেজামউদ্দিনের বড় ভাই।

এফবি পাইলিনের সন্ধান লাভ

এদিকে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে ‘এফবি পাইলিন’ নামের বাংলাদেশি মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় তিন নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ একজন হলেন ক্যাপ্টেন কৃপায়ন চাকমা। অন্য দুই নাবিকের পরিচয় জানা যায়নি।

 জানা গেছে, থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে গত বৃহস্পতিবার বিকেলে ট্রলারটির সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ২৭ ঘণ্টা পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রলারটির খোঁজ পাওয়া যায়। এটি এখন থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে আন্দামান সাগর হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছে। জাহাজটির আমদানিকারক আবুল হাসনাত আবদুল্লাহ কোম্পানি লিমিটেডের মুখপাত্র খন্দকার হেদায়েতুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাহাজে অবস্থানরত বাংলাদেশের তিনজনসহ ১০ নাবিকের সবাই সুস্থ আছেন।