চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর সন্ধান মেলেনি এখনো। তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ঈশ্বরবাবুর ঘাটে নৌকাডুবির ঘটনায় ওই দুই ছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্রীরা হলো হনুফা আখতার ও জান্নাতুল মাওয়া। তারা বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের একটি মাদ্রাসার ছাত্রী। তাদের বাড়ি আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের চর জুঁইদণ্ডী এলাকায়। বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার চর জুঁইদণ্ডী এলাকায় শঙ্খের পাড়ে গিয়ে দেখা যায়, সেখানে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে শত শত মানুষ। একই দৃশ্য দেখা যায় নদের ওপারে বাঁশখালীতেও।
ফায়ার সার্ভিসের লামার বাজার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।’ এদিকে আনোয়ারা থানার এসআই খন্দকার মাইনুল হক জানান, নৌকাডুবির ঘটনায় আটক নৌকার মাঝি মো. পারভেজকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।