পাবনা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা তদন্তে গত বুধবার রাতে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার অভাবকেই দায়ী করেছেন স্বজনেরা।
সদর উপজেলার খয়েরসুতী গ্রামের সৌদি আরব-প্রবাসী উকিল উদ্দিনের স্ত্রী শেলী খাতুন গত রোববার পাবনা জেনারেল হাসপাতালে এক মেয়েশিশুর জন্ম দেন। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে শিশুটি চুরি যায়। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। একমাত্র সন্তানকে হারিয়ে শেলী খাতুন গতকালও হাসপাতালের বিছানায় প্রায় অচেতন অবস্থায় শুয়েছিলেন। শেলী খাতুনের মা ফরিদা খাতুন প্রথম আলোকে বলেন, হাসপাতালে তো কোনো নিরাপত্তাব্যবস্থাই নেই। লোকজন যার যার খেয়ালখুশিমতো আসা-যাওয়া করছে। দেখার কেউ নেই। সিসি ক্যামেরাও নেই। অবিলম্বে সিসি ক্যামেরা বসানো হোক। শেলীর মতো আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চুরির ঘটনা তদন্তে বুধবার রাতে হাসপাতাল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে হাসপাতালের জ্যেষ্ঠ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হাসনাত জাহানকে প্রধান করা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শ্যামল কুমার বসাক বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাসপাতালে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আটটি সিসি ক্যামেরা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো ক্যামেরাগুলো আসেনি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’