খোঁজ মেলেনি বাবা ও সন্তানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচতলা ভবনটির নাম ‘মামা-ভাগনের বিল্ডিং’। চট্টগ্রাম নগরের রশিদ বিল্ডিং এলাকায় ব্যবসায়ী হারুন বাড়িটি করেছেন। দ্বিতীয় তলায় থাকে তাঁর পরিবার। সেখানে একটি কক্ষে হারুনের স্ত্রী পারভিন ও ছেলে মিরাজকে ঘিরে আছেন কিছু নিকটাত্মীয়। পারভিনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছিল। কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী হারুনের বাসায় গতকাল বৃহস্পতিবার গিয়ে এ দৃশ্য দেখা যায়। ব্যবসায়ী হারুন (৪০) এবং তাঁর দুই সন্তান মারুফ (১৩) ও ইশরাতের (৭) খোঁজ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হারুন ও ছেলেদের বহনকারী নৌকাটি ট্রলারের ধাক্কায় ডুবে গেলে তাঁরা নিখোঁজ হন। ডুবে যাওয়ার পর পারভিন ও ছেলে মিরাজকে স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার করেন। ছোট্ট মিরাজের চোখে-মুখে এখনো আতঙ্ক। গতকাল মায়ের কোলে বসে বারবার কেঁদে উঠছিল সে। পারভিন কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘সেতু এলাকার যানজট এড়ানোর জন্য অটোরিকশাযোগে নদীর ওপারে আসি। চরপাথরঘাটা ঘাট থেকে একটি নৌকায় উঠি। নৌকাটি দ্রুতবেগে চলছিল। হঠাৎ একটি ট্রলার এসে ধাক্কা দিল। সে আমার বড় ছেলে মারুফ ও মেয়েকে নিয়ে ঝাঁপ দিল। আমি ডুবে যাচ্ছিলাম। পরে আমাকে ও মিরাজকে স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার করেন।’পারভিনের পাশে বসা ছিলেন শাশুড়ি সাকেরা বেগম। ছেলের এমন পরিণতির খবর পেয়ে চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী থেকে শহরে ছুটে আসেন হারুনের মা। তিনি বলেন, ‘ঈদে সকলের জন্য কাপড়চোপড় নিয়ে গিয়েছিল। বুধবার চা-নাশতা বানিয়ে আমার ছেলে ও নাতিদের খাইয়ে দিয়েছি। তারপর তাদের গাড়িতে তুলে দিলাম। ঘণ্টা দুয়েক পর খবর পেলাম আমার ছেলের এই অবস্থা।’ বলতে বলতে সাকেরা বেগমের দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এদিকে গতকাল সকালে জোয়ারের সময় কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়নি। বিকেল থেকে আবারও অভিযান শুরু করে। হারুনের স্বজনেরা সকাল থেকে নিজস্ব উদ্যোগে নৌকা নিয়ে কর্ণফুলী নদীর আশপাশে তাঁদের খুঁজে বেড়াচ্ছেন।