চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত বায়েজিদ সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ওয়াসাকে অনুরোধ জানিয়েছে পুলিশ। ওই সড়কে খোঁড়াখুঁড়ির কারণে চট্টগ্রাম নগরে তীব্র যানজট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। গত বৃহস্পতিবারও ওই সড়কে তীব্র যানজট হয়।
ওয়াসা সূত্র জানায়, নগরে সুপেয় পানির চাহিদা পূরণের জন্য কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ চলছে। রাঙ্গুনিয়া থেকে পানি শোধন করে নগরে সরবরাহ করতে পাইপ বসানোর জন্য সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। ইতিমধ্যে পাইপ বসানোর কাজ প্রায় শেষ। তবে বায়েজিদ সড়কসহ দু-এক জায়গায় এখনো খোঁড়াখুঁড়ি চলছে।
পুলিশ জানায়, সম্প্রতি বায়েজিদ সড়কে খোঁড়াখুঁড়ির কারণে গাড়ি চলাচলের পথ সংকীর্ণ হয়ে গেছে। এক লেন দিয়ে গাড়ি চলার কারণে ষোলশহর মোড়ে গত বৃহস্পতিবার তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে গত বৃহস্পতিবার রাতে পুলিশ কর্মকর্তারা ওয়াসার প্রকৌশলীকে নিয়ে বায়েজিদ সড়ক পরিদর্শনে যান। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ওয়াসার প্রকৌশলীকে অনুরোধ জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বায়েজিদ সড়কের একাংশে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। এতে সড়কটি এক লেনে পরিণত হয়। ধীর গতিতে এক লেন দিয়ে গাড়ি পার হচ্ছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তাই আমরা পবিত্র রমজান মাসে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ওয়াসাকে অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, ‘শনিবার ওয়াসাকে আমরা আনুষ্ঠানিক চিঠি দেব, যাতে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হয়।
ওয়াসার প্রধান প্রকৌশলী জানে আলম ভুঁইয়া বলেন, ‘বায়েজিদ সড়কের ওই জায়গায় কাজ শেষ হতে পাঁচ দিনের বেশি লাগবে না। পুলিশ প্রশাসনের অনুরোধের বিষয়টি বিবেচনা করে দ্রুত কাজ শেষ করতে চাই।’ তিনি বলেন, সড়কের সংকীর্ণ অংশ আরও প্রশস্ত করার ব্যবস্থা হচ্ছে।