খোঁড়াখুঁড়িতে সারীর নীল জল মলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুরের সারী নদীর মাঝখান থেকে এক মাস ধরে এভাবেই অবৈধভাবে কয়লা ও বালু উত্তোলন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি লালখাল এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিলেটের জৈন্তাপুরের সারী নদীর মাঝখান থেকে এক মাস ধরে এভাবেই অবৈধভাবে কয়লা ও বালু উত্তোলন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি লালখাল এলাকা থেকে তোলা l প্রথম আলো

নদীর ঠিক মাঝখানে বাঁধা নৌকা। পানিতে নেমে তলদেশ খুঁড়ে চলে বালু উত্তোলন। এ কাজে স্পষ্ট দেখা যাচ্ছিল নদীর নীল জল মলিন হচ্ছে। মধ্যভাগজুড়ে চলছিল এ তৎপরতা। উৎসমুখের চিত্র আরও করুণ। হাঁটুসমান পানি থাকায় যত্রতত্র গর্ত খুঁড়ে বের করা হয় কয়লা। বস্তাবন্দী করে নদীতীরেই চলে কেনাবেচা।
সিলেটের ‘নীলনদ’ হিসেবে পরিচিত জৈন্তাপুরের সারী নদীর একাংশ ও উৎসমুখের লালাখালের প্রায় এক কিলোমিটার এলাকা অনেকটা দখলের মতো করে এভাবেই চলছে কয়লা আর বালু উত্তোলনের অবৈধ কারবার।
প্রতিদিন শতাধিক নৌকা নিয়ে শ্রমিকেরা নদী খুঁড়ে কয়লা, বালু উত্তোলন করেন। এ কারণে সারীর উৎসমুখসহ পর্যটকদের কাছে দর্শনীয় লালাখাল বিপন্ন হওয়ার মুখে পড়েছে। যত্রতত্র খোঁড়াখুঁড়িতে নদী-প্রকৃতিসহ পরিবেশ ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো পদক্ষেপ।
সম্প্রতি সরেজমিনে গেলে নদীতীরের বাসিন্দারা জানান, পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এ তৎপরতা। প্রায় এক মাস ধরে খোঁড়াখুঁড়ি চলায় কোনো কোনো জায়গায় নদীর গতিপথও পরিবর্তন হয়ে পড়ছে। বালু ও কয়লার কারবারিরা সংঘবদ্ধ হওয়ায় এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় লোকজনের।
কয়লা তোলার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তাঁরা কয়লার কারবারিদের মাধ্যমে দৈনিক মুজুরি হিসেবে কাজ করছেন। এ ক্ষেত্রে লালাখালের সঙ্গে সারীর সংযোগ পর্যন্ত কয়লা ও বালু উত্তোলন করতে তাঁদের জনপ্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে কারাবারিদের দিতে হয়। উত্তোলিত কয়লা বস্তাবন্দী করার পর কারবারিরা বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা মূল্য ধরে ট্রাকযোগে নিয়ে যান গন্তব্যে।
কয়েকজন কারবারি জানান, তাঁদের এ ব্যবসা মৌসুমভিত্তিক। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে নদীতে নেমে আসে কয়লা-বালু। শুষ্ক মৌসুমে নদীর পানি কমলে বালুর সঙ্গে নদীর তলায় আটকে থাকা কয়লা উত্তোলন করে শুষ্ক মৌসুমের প্রায় তিন মাস চলে এ ব্যবসা। জৈন্তাপুরের হর্নি, কামরাংগী, পাখিবিল, লালাবস্তি, তুবাং, কালীঞ্জবাড়ি, গৌরীশঙ্কর গ্রামের ১৩ জন বালু-পাথর ব্যবসায়ী লালাখাল ও সারী নদীর বালু-কয়লা উত্তোলন নিয়ন্ত্রণ করছেন।
সারী সিলেট অঞ্চলের অন্যতম সীমান্ত নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এ নদীর উৎসমুখ বাংলাদেশ-ভারত সীমান্তের ১৩০০ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রথম আলোকে জানান, সারী নদীর উজানে ভারতীয় অংশে উন্মুক্ত কয়লাখনি থাকায় শুষ্ককালে নদীর পানির সঙ্গে কায়লার গুঁড়া ভেসে আসে। ভাসমান কয়লার গুঁড়ার জন্য নদীর জল নীল হয়। কয়লার গুঁড়া সংগ্রহ করতে পুরো শুষ্ক মৌসুম চলে নদীর দুই তীর ও তলদেশ ক্ষতবিক্ষত করার এ তৎপরতা। এতে করে একদিকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নীলনদ ঘিরে নদীকেন্দ্রিক পর্যটন সম্ভাবনাও বিপন্ন হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সারী নদীর একাধিক উৎসমুখ। এর মধ্যে শীতকালে শুধু লালাখালে পানি থাকে। এ সময় পর্যটকদের বেড়ানোর একটি স্থানে রূপ নেয় লালাখাল। স্বচ্ছ জলের ধারার জন্য শীতকালে সিলেটে বেড়াতে আসা পর্যটকদের কাছে সারী ও লালাখাল অন্যতম আকর্ষণ থাকে বলে যত্রতত্র খোঁড়াখুঁড়িতে পর্যটকদের নদী দেখার আকর্ষণ বিনষ্ট হওয়ার আশঙ্কার কথা স্থানীয় লোকজন উদ্বেগের সঙ্গে জানান।
মানুষের উদ্বেগ, নদী ও পরিবেশের ক্ষতি হওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতের শরণাপন্ন হলে গত বছরের ১৮ ফেব্রুয়ারি এক নির্দেশনা জারি হয়। সারীর উৎসমুখের লালাখাল থেকে ভাটির দিকে তিন কিলোমিটার পর্যন্ত নদী সংরক্ষণ করতে উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ নির্দেশনা জারির পাশাপাশি পুরো এলাকাকে কেন ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) করা হবে না—এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ১৪টি দপ্তরের কাছে জানতে চাওয়া হয়।
উচ্চ আদালতের ওই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, শীতকালের শুরুতে এ তৎপরতা দেখা দেওয়ায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু এতে স্থায়ী প্রতিকার হচ্ছে না। ইসিএ ঘোষণা সম্পর্কে ইউএনও বলেন, ‘ট্যুরিজম বর্ষ ২০১৬’ উপলক্ষে লালাখালে গত ২৬ নভেম্বর একটি মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক অবস্থা তুলে ধরে হয়েছে।