খোঁড়া অজুহাতে কেটে ফেলা হচ্ছে চার হাজার গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁধ দুর্বল হয়ে যাবে এই অযুহাতে যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নে কপোতাক্ষ নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় চার হাজার বাবলাগাছ কেটে ফেলা হচ্ছে। অন্যদিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা দশমিনা-বহরমপুর সড়কের পাশ থেকে বড় গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন।কেশবপুর উপজেলা বন অফিস ও উপকারভোগী সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি মালোপাড়া থেকে কোমরপুর খাঁ পাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার কপোতাক্ষ নদের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের দুই পাশে ২০০১ সালে বনায়ন করা হয়। দরপত্রের মাধ্যমে তিন লাখ টাকায় কার্যাদেশ পেয়ে সাজ্জাত হোসেন ও আবদুল মুকুল এক সপ্তাহ ধরে গাছগুলো কাটছেন।গত রোববার সরেজমিনে দেখা যায়, সাগরদাঁড়ি মালোপাড়া থেকে কোমরপুর খেয়াঘাট পর্যন্ত বাবলাগাছগুলো কাটা হচ্ছে। এ সময় গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক রমজান আলী জানান, তাঁদের ঠিকাদার সাজ্জাত গাছ কাটার নির্দেশ দিয়েছেন।সাগরদাঁড়ি বাঁধ বনায়ন সমিতির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ বলেন, ‘১০ বছর ধরে গাছগুলো রক্ষাণাবেক্ষণ ও পরিচর্যা করেছি। গাছ কাটার ব্যাপারে আমরা কিছুই জানি না। বন বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী আমরা গাছের ৫৫ শতাংশ পাব, কিন্তু আমাদের কিছুই দেওয়া হচ্ছে না।’কেশবপুর বন অফিসের বন রক্ষক ইউনুস আলী বলেন, ‘জেলা বন অফিসের মাধ্যমে দরপত্রের মাধ্যমে গাছগুলো কাটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অসুবিধার জন্য এগুলো কাটতে হলো।’পানি উন্নয়ন বোর্ডের কেশবপুর অফিসের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, বাঁধের ওপর গাছ থাকলে ঘাস গজাতে পারে না, তাতে বাঁধ দুর্বল হয়ে যায়। সর্বোপরি বাঁধ উঁচু করায় মাটি পড়ে গাছগুলো মরে যেত। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, গাছের গোড়ায় বেশি মাটি পড়লে গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।যশোর জেলা বন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, উপজেলা বন কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তক্রমে ওপর মহলের নির্দেশে গাছগুলো দরপত্রের মাধ্যমে কাটা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা বলেন, ‘গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’এদিকে গত কয়েক দিনে পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা-বহরমপুর সড়কের বড় বড় ১০টি আকাশমণি গাছ কেটে নিয়ে গেছেন প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয় লোকজন জানায়, এলাকার হাবিব মৃধা আকাশমণি গাছ কেটে টুকরো করে নিয়ে যাচ্ছেন। গত সোমবার বিকেলে ঠেলাগাড়িতে করে গাছের কিছু টুকরো নেওয়ার সময় দক্ষিণ বহরমপুর এলাকার নয়া মিয়া হাওলাদার বাড়ির সামনে লোকজন সেগুলো আটক করে। পরে পুলিশে ও বন বিভাগে খবর দেওয়া হয়।দশমিনা উপজেলা বন কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ওই সড়ক এলজিইডির এবং এই সরকারি গাছগুলোর তদারকির দায়িত্ব তাঁদের। এলজিইডির উপজেলা প্রকৌশলী জ্যোতির্ময় বলেন, গাছের টুকরোগুলো আটক করা হয়েছে।ইউএনও আজমল হোসেন বলেন, সরকারি গাছ যারা কেটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।এ ব্যাপারে হাবিব মৃধা বলেন, ‘সড়কের পাশের বেশ কিছু গাছ কেটে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সব গাছ আমি কাটিনি। শুধু আমার জমির সীমানায় একটি গাছ ছিল, সেটি আমি কেটেছি।’