রাজধানীর যেসব রাস্তা খুঁড়ে পাইপ বসানো হয়েছে, সেগুলো মেরামত করা হয়নি। কোনোমতে ভরাট করে রাখায় এসব রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে হচ্ছে জলাবদ্ধতা। সেই সঙ্গে ঘটছে দুর্ঘটনাও। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার আবুল হোসেন মেরামতের সমস্যা প্রসঙ্গে বলেন, রাস্তা খোঁড়ার আগে বিভিন্ন সংস্থা ক্ষতিপূরণ হিসেবে মেরামতের যে টাকা জমা দিয়েছিল, তার তুলনায় অনেক বেশি খরচ হবে। তবে চেষ্টা করা হবে রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামত করে জনদুর্ভোগ কমানোর।নিয়ম অনুযায়ী সরকারি সেবা সংস্থাগুলোকে রাস্তা খোঁড়ার আগে ডিসিসিকে মেরামতের টাকা আগাম দিয়ে দিতে হয়। এদিকে বেঁধে দেওয়া মে মাস চলে গেলেও রাজধানীর কিছু এলাকায় এখনো রাস্তা খোঁড়ার কাজ চলছে। এ প্রসঙ্গে ডিসিসির প্রধান প্রকৌশলী বলেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অতি জরুরি না হলে এর ব্যত্যয় হবে না। নগরের মিরপুর মাজার রোড এবং মোহাম্মদপুর, লালমাটিয়া, উত্তরা প্রভৃতি এলাকার বেশ কিছু রাস্তা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। উত্তরা ৩, ৪ ও ৯ নম্বর সেক্টরে ড্রেনেজ লাইন করার জন্য দুই মাস আগে রাস্তা খোঁড়া শুরু করে ঢাকা ওয়াসা। এই দুই মাস অবর্ণনীয় দুর্ভোগ সইতে হয় এলাকাবাসীসহ সবাইকে। বেশির ভাগ রাস্তার খোঁড়াখুঁড়ি শেষ হলেও ভোগান্তির শেষ হচ্ছে না। কারণ, অস্থায়ীভাবে বালু বা মাটি দিয়ে বড় বড় গর্ত ভরাট করা হয়েছে মাত্র। বৃষ্টি হলে সেখানে যান চলা দূরে থাক, হাঁটাও দুঃসাধ্য। উত্তরা ৪ নম্বর সেক্টরের কাজ হওয়া রাস্তাগুলোর এক পাশ প্রায় বন্ধ। অন্য পাশ দিয়ে যানবাহন, পথচারী সবাইকেই চলতে হচ্ছে। ১৬ নম্বর সড়কের বাসিন্দা রকিবুল হাসান বলেন, এলাকায় অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। রাস্তার এমন অবস্থা হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকতে বাধ্য হচ্ছে। এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুই মাসেরও বেশি সময় ধরে পাইপ বসানোর পর এখন পর্যন্ত রাস্তা মেরামতে হাত দেওয়া হচ্ছে না। মেরামত শুরু হয়েছে দেখার জন্য কি আরও দুই মাস অপেক্ষা করতে হবে?’ এ বিষয়ে জানতে চাইলে ডিসিসির উত্তরা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনসুর বলেন, ওই সড়কের কিছু অংশ খোঁড়ার কাজ এখনো বাকি আছে, শেষ হলে মেরামতের কাজ শুরু হবে। উত্তরায় রাস্তা মেরামতের জন্য ১০টি গ্রুপে কাজ ভাগ করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসেই মেরামতের কাজ শেষ হবে বলে আশা করা যায়।মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড় থেকে মোহাম্মদী হাউজিং এলাকায় এখনো খোঁড়াখুঁড়ি চলছে। নবোদয় হাউজিং এলাকায়ও একই অবস্থা। শিয়া মসজিদ থেকে অনেক ঘুরে তবে অন্য এলাকায় যেতে হচ্ছে। জাকির হোসেন রোড থেকে লালমাটিয়া মহিলা কলেজ পর্যন্ত সড়কে মোটা মোটা পাইপ ফেলে রাখার কারণে রাস্তা বন্ধ হয়ে আছে। একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল জলিল বলেন, ‘বর্ষায় রাস্তা খোঁড়া নতুন নয়, কিন্তু এবার যে কষ্টটা দেওয়া হচ্ছে, তা নির্মম।’ নগরের মিরপুর মাজার রোড এলাকায় ওয়াসার ড্রেনেজ লাইনের কাজ করার পর রাস্তা দায়সারাভাবে ভরাট করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল এই সড়কের বেড়িবাঁধ প্রান্তে একটি কনটেইনারবাহী ট্রাক গর্তে আটকে গেলে দীর্ঘ সময়ের জন্য যানজট বেধে যায়। মে মাসের মধ্যে রাস্তা খোঁড়ার কাজ শেষ করা হবে বলে গত ২৩ মে প্রথম আলোকে বলেছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। গতকাল যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাকসিম খান কিছুদিন আগে বলেছিলেন, রাস্তা কাটার ক্ষতিপূরণের পুরো টাকা ডিসিসিকে আগাম দিয়ে দেওয়া হয়েছে।