খোঁড়াখুঁড়ি দখল যানজটে মাজার রোডে চলা দায়
এ বছরের শুরুতে সংস্কার হয়েছিল গাবতলী-মিরপুর সংযোগকারী সড়ক মাজার রোডের। সংস্কারের এক মাসের মাথায় ওয়াসার কাজে খোঁড়া হয় সড়কটির এক পাশ। এরপর ছয় মাস হয়ে গেছে। কিন্তু রাস্তাটি এখনো পিচঢালাই হয়নি। ব্যবহারকারীদের কাছে সড়কটি হয়ে উঠেছে দুর্ভোগের অপর নাম।মাজার রোডের গাবতলী থেকে মিরপুর যাওয়ার পাশটি কার্যত ব্যবহারের অনুপযুক্ত। মাঝেমধ্যে খানাখন্দ, উঁচুনিচু রাস্তা। কোথাও কোথাও রাস্তার ওপর ইটের স্তূপ। কোথাও বা স-মিলের কাঠ। এদিক দিয়ে চলা গাড়ি দুলতে থাকে দুপাশে। চলতেও হয় খুব ধীরে। এমনিতেই প্রয়োজনের চেয়ে সরু রাস্তা, তার ওপর রাস্তার এক পাশ আধা খোঁড়া ও দখলে থাকায় প্রচণ্ড যানজট সেখানকার নৈমিত্তিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক দোকানি বলেন, ‘সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত জ্যাম লাইগ্যা থাকে রাস্তায়।’ নগরের নিত্যদিনের সংকট বিদ্যুৎ ও পানির সমস্যার পাশাপাশি এ এলাকার বাড়তি সমস্যা এই সড়কটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহ আলীর মাজার পর্যন্ত যাওয়ার পর ডান দিকে মোড় নিতে সরু রাস্তাটি অনেক চওড়া হয়েছে। কিন্তু তা শুধু মাপেই। কোনো কাজে আসছে না। ফুটপাত তো বটেই, রাস্তারও অর্ধেক দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। গাবতলী থেকে মিরপুর যাওয়ার পথে ডান পাশে স-মিলের কাঠসহ বিভিন্ন পণ্য ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে একেবারে রাস্তার ওপর। বাঁ-পাশে আছেন হকাররা। এমনকি রাস্তার মধ্যখানেও দখল হয়ে আছে একটি অংশ। বিভাজকের পাশে কোথাও রাখা হয়েছে ভ্যানগাড়ি বা দোকানের জিনিসপত্র। ফেলা হয়েছে আবর্জনাও। তা ছাড়া শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তার অনেকটা ব্যবহূত হয় পার্কিংয়ের জায়গা হিসেবে। এ সড়ক হয়ে উত্তরাঞ্চলগামী অনেক গাড়ি আশুলিয়া লিংক রোড দিয়ে ঢাকা ছাড়ে। সব মিলিয়ে যানজট সমস্যা জটিল হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা আইনজীবী এরশাদুল হক প্রথম আলোকে জানান, তাঁর মতে এলাকার প্রধান সমস্যা এই রাস্তা। মিরপুর ১ থেকেই রিকশায় তাঁর বাসায় আসতে অনেক সময় আধাঘন্টা পর্যন্ত লেগে যায়। ভাঙা রাস্তায় চলার দুর্ভোগ তো আছেই। তাই তিনি হেঁটেই বাসায় ফেরেন। কিন্তু সকালে হাঁটারই জায়গা পাওয়া যায় না। ফুটপাত থাকে ব্যবসায়ী ও হকারদের দখলে, আর রাস্তায় থাকে যানজট। ওই রাস্তায় আরেকটি বড় সমস্যা হচ্ছে, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার পাশের ড্রেনটি অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। পাশের কল্যাণপুর খাল কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। কিন্তু তাঁদের অভিযোগ, সেটি হয়েছে নামমাত্র। বিদ্যুৎ সমস্যা প্রকট : রাজধানীর অন্য এলাকার মতো মাজার রোড এলাকায়ও বিদ্যুৎ সমস্যা প্রকট। স্থানীয় চায়ের দোকানি রুস্তম বললেন, ‘কারেন্ট যায় না, আসে।’ তাঁর দাবি, এলাকায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ দেওয়া হয় এক ঘণ্টার জন্য। সব মিলে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ১২ ঘণ্টার মতো বিদ্যুৎ থাকে।কমেছে পানির সমস্যা: স্থানীয় ব্যক্তিরা জানান, পানির জন্য গত বছরের মতো হাহাকার নেই। আশুলিয়া লিংক রোডে বসানো একটি পাম্পের কল্যাণে সংকট অনেকটা কমেছে। কিন্তু সমস্যার পুরো সমাধান হয়নি। গত বৃহস্পতিবারও কোথাও কোথাও সারা দিন পানি ছিল না।