খোঁড়াখুঁড়িতে খানাখন্দ ঈদযাত্রায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বিকাল সাড়ে চারটা। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে আসছিলেন। শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে রওনা হন তাঁরা। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ওঠার পর থেকেই খানাখন্দে পড়ে ঝাঁকুনি খেতে শুরু করেন। রাঙ্গুনিয়ার পোমরা কাঁঠালতলী এলাকায় এসে গর্তে পড়ে অটোরিকশাটিই বিকল হয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পরিশ্রম করে টেনেটুনে অটোরিকশাটি যখন তোলা হয়, ততক্ষণে পেছনে যানজট লেগে গেছে।

বিরক্তি নিয়ে মো. হোসেন বলেন, এটা কোনো রাস্তা হলো! এখান দিয়ে ফেরার সময় আবার কষ্ট করতে হবে।

এটি এই সড়কের প্রতিদিনের চিত্র বলে জানালেন চালক আবদুস সাত্তার। পানি সরবরাহ প্রকল্পের কাজের জন্য চট্টগ্রাম-কাপ্তাই সড়কে খোঁড়াখুঁড়ি করছে চট্টগ্রাম ওয়াসা। ওই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন এলাকা থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত পাইপলাইন বসাচ্ছে ওয়াসা।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের এপাশ-ওপাশ কেটে পাইপলাইন বসাতে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাঙ্গুনিয়া গোডাউন এলাকা থেকে রাউজান তাপবিদ্যুৎ গেট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশে অন্তত ১৫টি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে আছে গর্তগুলোয়। রাস্তার অনেক জায়গায় কার্পেটিংয়ের (পিচ) অস্তিত্বও নেই। বৃষ্টিতে সড়কের দুই পাশের পাহাড়ি মাটি ও ওয়াসার স্তূপ করে রাখা মাটি নেমে এসেছে সড়কের ওপর। এতে রাস্তার অনেক স্থানে থকথকে করছে কাদা।

সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাজিবুল ইসলাম বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে শহরে যেতে হয়। রাস্তায় খোঁড়াখুড়ির কারণে এক ঘণ্টার রাস্তা যেতে আড়াই ঘণ্টা সময় লেগে যায়।

সুনীল বড়ুয়া নামের এক সিএনজি অটোরিকশা চালক বলেন, রাস্তার অবস্থা এতই বেহাল, মাঝে মাঝে ইচ্ছে করে অটোরিকশা চালানোর কাজ ছেড়ে দিই।

সড়ক ও জনপথের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল আলম বলেন, ওয়াসার পাইপ লাইন স্থাপনে ব্যাপকহারে সড়কে খোঁড়াখুড়ি হয়েছে। সড়কের বাঁ পাশে ওয়াসার পাইপলাইন বসানোর সময় সব যানবাহন ডান পাশ দিয়ে চলেছে। তখন ডান পাশটা নাজুক হয়ে পড়েছিল। এখন ওই পাশ খুঁড়ে পাইপ বসানোর সময় বাঁ পাশে গাড়ির চাপ বেড়েছে। এতে সড়কের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য ইতিমধ্যে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক বলেন, ‘বৃষ্টির কারণে অনেক জায়গায় মেরামতের কাজ করতে পারিনি। তাই সড়কের অবস্থা কোনো কোনো স্থানে নাজুক হয়েছে। প্রাথমিকভাবে ইট বিছিয়ে পরে স্থায়ীভাবে কার্পেটিং করা হবে।’