খোঁড়াখুঁড়িতে নাজেহাল লালমাটিয়াবাসী

রাজধানীর লালমাটিয়ার বিভিন্ন সড়ক, জাকির হোসেন রোডসহ আশপাশের সড়ক ও গলিতে চলছে উন্নয়নকাজ। সেই উন্নয়নের অংশ হিসেবে চলছে খোঁড়াখুঁড়ি। বাসাবাড়ির গেট, দোকানের সামনে বিশাল গর্ত। গর্ত থেকে মাটি তুলে ফেলে রাখা হচ্ছে রাস্তার ওপর। বাতাসে উড়ছে ধুলা। আর ধুলার হাত থেকে রক্ষা পেতে মাটির স্তূপে পানি ঢালতেই কাদাপানিতে সয়লাব হয়ে যাচ্ছে সড়ক।
পথচারীরা বললেন, এসব কারণে রিকশা ও গাড়ি ঠায় দাঁড়িয়ে থাকছে রাস্তায়। প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। তাই পরীক্ষার সময় মা, বাবা বা গাড়ির চালকের হাত ধরে দৌড়াচ্ছে ছাত্রছাত্রীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে লালমাটিয়াসহ আশপাশের এলাকায় এ চিত্র দেখা যায়। যানজটে দীর্ঘক্ষণ বসে থেকে অযথা গাড়ির হর্ন বাজাচ্ছিলেন চালকেরা। সবার মধ্যেই অস্থির ভাব।
জাকির হোসেন রোডে একজনকে দেখা গেল রিকশাচালকের সঙ্গে ঝগড়া করছেন। রিকশাচালক যানজট ঠেলে এ পর্যন্ত এসেছেন, এখন আর নতুন যাত্রী নিয়ে যাবেন না। ওই যাত্রী রাগে গজগজ করছিলেন। রাস্তা কাটাকাটি, যানজটের ওপর যত রাগ ছিল সব গিয়ে পড়ে রিকশাচালকের ওপর।
গ্রিন রোডে জাহানারা গার্ডেনের বাসিন্দা নাজলী নাহিদ। প্রতিদিন সকালে ব্যক্তিগত গাড়িতে তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে লালমাটিয়া ডি ব্লকে অরণি বিদ্যালয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় দিনই মেয়েদের স্কুলে পৌঁছাতে এবং ফেরত আসতে দেরি হয়ে যাচ্ছে। একদিন এক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকলে পরের দিন ওই রাস্তায় গিয়ে আটকে যেতে হচ্ছে। কোন রাস্তা কবে কাটবে, তা আগে থেকে জানাও যায় না। আর এ সমস্যা তো আজকের না, গত রোজার ঈদের আগে থেকে কাটাকাটি শুরু হয়েছে। এখন আবার ওয়াসার উন্নয়ন শুরু হয়েছে। ধুলায় মাঝে মাঝে মনে হয় অ্যাজমা রোগী হয়ে যাব।’
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ বি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, খোঁড়াখুঁড়ির এই প্রকল্প ওয়াসার নিজস্ব নয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ছোট পানির পাইপ বড় করার জন্য একটি প্রকল্পের অধীনে এটা বাস্তবায়িত হচ্ছে। এতে এই অবস্থা হয়েছে।