যানবাহন দেখলেই সড়ক থেকে লাফিয়ে নিচে নেমে যাচ্ছেন পথচারী আর মোটরসাইকেল আরোহীরা। বড় গাড়িগুলো চলছে জানালা-দরজা বন্ধ করে, কিন্তু ধুলা থেকে নিস্তার নেই পথচারী আর ছোট যানগুলোর।
মাসের পর মাস এভাবেই চলতে হচ্ছে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে চলাচলকারী ব্যক্তিদের। সংস্কারকাজের নামে এই এলাকায় মহাসড়কটির পাঁচ স্থানে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। সেখানে ফেলা হয়েছে পাথর আর বালু। বড় কোনো গাড়ি গেলেই জায়গাগুলো ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিকাদারের লোকজন মাঝেমধ্যে নামমাত্র পানি ছিটিয়ে দায় সারছেন বলে অভিযোগ করেছেন পথচারীরা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেশ কিছু স্থান ভাঙাচোরা ছিল। সড়কের ঝিনাইদহ অংশে কমপক্ষে ২০ জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জায়গাগুলো মেরামতের উদ্যোগ নেয় সওজ বিভাগ। এর মধ্যে চুটলিয়া নামক স্থানে সড়ক প্রশস্ত করা হচ্ছে। ছয় মাসেরও বেশি সময় ওই স্থানে দুই পাশ খুঁড়ে পাথর-বালু ফেলা হয়েছে। একই সড়কের তেঁতুলতলা এলাকায় খুঁড়ে পাথর-বালু ফেলা হয়েছে, সেটাও এক মাস হতে চলল। একইভাবে খুঁড়ে রাখা হয়েছে সড়কের কালীগঞ্জ কলেজ মোড় ও পশু হাসপাতাল এলাকায়। আর বর্তমানে খোঁড়াখুঁড়ি চলছে খয়েরতলা-বেজপাড়া এলাকায়। যেখানে খোঁড়া হচ্ছে, সেখানে সঙ্গে সঙ্গেই পাথর আর বালু ফেলা হচ্ছে। এরপর রোলার দিয়ে প্রাথমিকভাবে সমান করা হচ্ছে।
এই সড়কে চলাচলকারী ইজিবাইকচালক মনিরুল ইসলাম বলেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক এমনিতেই খুব ব্যস্ততম। তার ওপর মাগুরা-যশোর সড়কের সিমাখালী সেতু ভেঙে পড়ার পর এই সড়ক দিয়ে যানবাহন চলাচল দ্বিগুণ বেড়ে গেছে। এমন একটি সড়কে সংস্কারকাজের নামে দীর্ঘদিন ধরে পাথর-বালু ফেলে রাখায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার কারণে তাঁরা ভারী কোনো যানবাহন দেখলেই বাইককে মূল রাস্তা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নেন। কিন্তু খোলা যান হওয়ায় বাইকে থাকা যাত্রীরা ধুলার অত্যাচারে পড়ছে।
মোটরসাইকেলচালক হাসান আলী বলেন, মহাসড়কে সংস্কারকাজ করতে হলে সাধারণত পানির পর্যাপ্ত ব্যবহার করতে হয়। এতে একদিকে চলাচলকারী মানুষ ও যানবাহন ধুলা থেকে রক্ষা পায়, অন্যদিকে বালু-পাথর জমাট বেঁধে গেলে রাস্তা ভালো হবে। কিন্তু ঠিকাদারেরা এখানে পানি ছিটান বলে মনেই হয় না।
তেঁতুলতলা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ঠিকাদারের লোকজন মাঝেমধ্যে সামান্য পরিমাণ পানি ছিটিয়েই দায়িত্ব শেষ করছেন। এ কারণে গোটা এলাকা ধুলায় নিমজ্জিত হচ্ছে। ধুলার কারণে সড়কের পাশের দোকানগুলোর ব্যবসা লাটে উঠেছে। বেশির ভাগ সময় দোকানের অংশবিশেষ বন্ধ রাখতে হচ্ছে।
ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান বলেন, সড়কে সংস্কারকাজ যাঁরা করছেন, তাঁদের পর্যাপ্ত পানি ছিটাতে বলা হয়েছে। এরপরও কোনো গাফিলতি থাকলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।