খোঁড়াখুঁড়ির পর চার মাস ধরে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের নামে প্রায় চার মাস আগে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা-বৈরাগীহাট সড়কের কোথাও খোঁড়াখুঁড়ি আবার কোথাও কার্পেটিং তুলে সংশ্লিষ্ট ঠিকাদার লাপাত্তা হয়েছেন। ফলে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে। বর্ষা শুরুর পর থেকেই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালাই-মাত্রাই-মোসলেমগঞ্জ সড়কের পাঁচশিরা থেকে বৈরাগীহাট পর্যন্ত ৬ দশমিক ৬৭ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল। তদারককারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জোড়াতালি দিয়ে দুর্ভোগ কমানোর উদ্যোগ নেয়। এ জন্য বেশি ক্ষতিগ্রস্ত ১ দশমিক ৭ কিলোমিটার অংশের কার্পেটিং তুলে নতুন করে নির্মাণের জন্য গত অর্থবছরে জাপান ডেপট কনসালেশন (জেডিসি) তহবিল থেকে ৭৫ লাখ ১৪ হাজার ৫৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় মেসার্স ফরিদ ট্রেডার্স। কার্যাদেশে ৪ জুনের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির বোড়াই, ঝামুটপুর, হাতিয়র ও দুরুঞ্জ এলাকার কয়েকটি অংশে কার্পেটিং তুলে খোঁড়াখুঁড়ি করে। দরপত্রের শর্তে পরিত্যক্ত ইট, পাথর, বালু ব্যবহার না করার কথা বলা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেসব ব্যবহার করে দায়সারাভাবে কাজটি শেষ করার চেষ্টা করেন। এমনকি, কার্পেটিং শেষে সিলকোট করার কথা থাকলেও তা করা হয়নি। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে কাজ শেষ না করেই তারা এলাকা ছেড়ে চলে যায়। এর আগেই ৫৮ লাখ টাকার বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।এদিকে খুঁড়ে রাখা গর্তগুলোতে কাদাপানি জমে থাকায় সব ধরনের যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভ্যান, রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও ভটভটির মতো হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঝামুটপুর বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, সড়কটির বেহাল দশার কারণে কিছুদিন আগে চালবোঝাই একটি ট্রাক উল্টে গেলে সব চাল নষ্ট হয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়। ব্যবসায়ী সঞ্জিত কুমার বলেন, বৈরাগীহাটের একটি হিমাগার থেকে আলুভর্তি ট্রাক ঢাকায় নেওয়ার পথে সেটি বৃষ্টিপুকুরে উল্টে গেলে সব আলুই নষ্ট হয়। অটোরিশাচালক সাইদুর রহমান বলেন, এ সড়কে যাত্রী নিয়ে ভাড়ায় গেলে প্রায়ই গাড়ি উল্টে যায়। তাই খুব জরুরি না হলে এ সড়কে তিনি যান না।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘অনিয়ম করলে তা এলজিইডি বুঝবে। এতে সাংবাদিকের এত মাথাব্যথা কেন?’ এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, বর্ষার কারণে কার্পেটিং তোলার পরও ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তবে শিগগিরই তাদের দিয়ে বাকি কাজ শেষ করানো হবে।