খোকনের পাশে হাজি সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন ও হাজি মোহাম্মদ সেলিম।
সাঈদ খোকন ও হাজি মোহাম্মদ সেলিম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষ হয়ে কাজ করবেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম। আজ শুক্রবার চকবাজার জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন তাঁরা। পরে সাঈদ খোকন ও হাজি সেলিম মসিজদের আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং হাত মেলান। হাজি সেলিম ও সাঈদ খোকন একসঙ্গে পুরান ঢাকার নবাবপুর রোডের এক রেস্তোরাঁয় দুপুরের খাবার খান। তাঁদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। 

হাজি সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। কিনেছিলেন মনোনয়নপত্রও। ঢাকা দক্ষিণ অংশে ব্যাপক প্রচারেও নেমেছিলেন তিনি। দল থেকে সাঈদ খোকনকে সমর্থন করায় একপর্যায়ে ভারত চলে যান হাজি সেলিম। পরে তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। 

হঠাৎ হাজি সেলিম আপনার পক্ষে কাজ করতে রাজি হলো কেন জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে আমরা একসাথে কাজ করব। আমি সবার দোয়া ও সমর্থন চাই।’ 

আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় হাজি সেলিম ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরামর্শ ও অনুরোধে সাঈদ খোকনের পক্ষে একসঙ্গে কাজ করতে রাজি হন হাজি সেলিম। তবে তিনি সিটি নির্বাচনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে নিজের সাধারণ সম্পাদক পদটির প্রতি আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তাঁকে ঢাকা মহানগর কমিটির দক্ষিণ অংশের সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আশ্বাসও দেন বলে জানা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি এম এম আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।