খোকনের মুক্তির দাবিতে বিএনপির দুই দিনের কর্মসূচি
খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।দলটি আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। এর আগের দিন শুক্রবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, নরসিংদীর মেয়র লোকমান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার আসামি করা হয়েছে একজন প্রভাশালী মন্ত্রীর ভাইসহ ১৪ জনকে। কিন্তু আসামির একজনকেও গ্রেপ্তার না করে বিএনপির সবচেয়ে ভদ্র নেতা কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। আদালত সেই অভিযোগ খারিজ করে দিলে তাঁকে ওই ঘটনার সময় সার্কিট হাউস ও রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় দেওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, যখন সার্কিট হাউসে ভাঙচুর করা হয়, তখন খোকন ঢাকায় ছিলেন। আর যখন ট্রেনে আগুন দেওয়া ও স্টেশন ভাঙচুর করা হয়, তখন তিনি গ্রেপ্তার অবস্থায় জেল সুপারের কামরায় বসা ছিলেন। অথচ সরকার অত্যন্ত হাস্যকরভাবে খোকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন।মির্জা ফখরুল বলেন, সরকারের দেশ পরিচালনা দেখে মনে হয় তারা জাতীয় রাজনীতিকে গ্রাম্য রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, তখন জনগণ বুঝতে পারে না যে তারা কাকে বিশ্বাস করবে। জনগণের সমস্যার সমাধান করতে না পারা, দেশ পরিচালনায় ব্যর্থ এই সরকারের এখনই পদত্যাগ করা উচিত।