খোকশার ঘাট সেতুর কাজ ১৪ বছরেও শেষ হয়নি
নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদীর ওপর খোকসার ঘাট সেতুর কাজ ১৪ বছর ধরে ঝুলে আছে। এ কারণে ডিমলা ও ডোমার উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষকে এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।খোকশার ঘাটের ঘাট ইজারাদার আবদুল্লাহ মিয়া বলেন, ‘১৫-২০ বছর থাকি শুনেছি পুলটা (সেতু) হবে। ১৩-১৪ বছর আগত কাম শুরু হইছে কিন্তু পুল হয় না। হামার ঘাটের দরকার নাই, হামরা পুল চাই।’ স্থানীয় মৌজা পাঙ্গা গ্রামের আনছারুল ইসলাম বলেন, ‘৯৮ সালে সেতুটির কাজ শুরু হলেও খালি ঠিকাদার বদলে, কাম আর হয় না।’ সরেজমিনে ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় সেতুর অভাবে মানুষ প্রতিদিন নৌকায় করে কিংবা কোমর পানি ডিঙিয়ে, আবার কখনো অতিরিক্ত পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাতায়াত করেন। ডিমলার মেলা পাঙ্গা ভাটিয়াপাড়া গ্রামের আবদুস সালাম বলেন, ‘সেতুটি না হওয়ায় ডোমার ও ডিমলা উপজেলার মানুষকে এক উপজেলা থেকে আরেক উপজেলার যাতায়াত করতে অতিরিক্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে। অথচ সেতুটি হলে ডোমার থেকে ডিমলার দূরত্ব হবে মাত্র ১২-১৩ কিলোমিটার।’সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থবছরে ডিমলার দক্ষিণ সুন্দর খাতা গ্রামে বুড়ি তিস্তা নদীর ওপর খোকসার ঘাটে প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ১০৭ দশমিক ৫৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস ব্রাদার্স পাঁচ বছরে প্রায় ৯৭ লাখ টাকার বিল নিয়ে কাজের প্রায় ৪২ শতাংশ করার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ও সময়মতো অর্থ ছাড় না পাওয়ায় অবশিষ্ট কাজ না করেই চলে যান। বাকি কাজ শেষ করতে আবারও ২০১০ সালে দরপত্র আহবান করা হয়। দুই কোটি ১২ লাখ টাকায় কাজটি করতে রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি চুক্তিবদ্ধ হয়। তারা ২০১১ সালে কাজ শুরু করলে অধিগ্রহণ করা জমির মালিকেরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় তাঁদের বাধা দেন এবং কাজটি আবার আটকে যায়।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজু মিয়া বলেন, ‘অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য আমরা ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করি। কিন্তু জমির মালিকেরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় কাজে বাধা দিচ্ছেন। এখানে ১৫-২০ জন জমির মালিক প্রায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তাঁদের টাকা দেওয়া গেলে আমরা দ্রুত কাজ শেষ করতে পারব।’সওজ নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল জামান খান প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণের প্রায় ৫০ লাখ টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।