কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলায় তাঁদের লাশ পাওয়া গেছে। এ ছাড়া পাংশায় শ্বাসরোধে এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় গুলি করে রোববার রাতে আরও দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
অপহরণের পর হত্যা: অপহরণের পর দুজনকেই গুলি করে হত্যা করা হয়। তাঁরা হলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলার সোমসপুর গ্রামের বাসিন্দা খন্দকার মহব্বত হোসেন ওরফে দুলাল (৫২) এবং একই গ্রামের ফিরোজ মাহাবুব ওরফে কামাল (৫০)। দুজনেই ঠিকাদারি ব্যবসা করতেন। তাঁরা একে অপরের প্রতিবেশী। গতকাল দুপুরে রাজবাড়ী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। বিকেলে পারিবারিক কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহব্বত ও ফিরোজ রোববার সন্ধ্যার পর সোমসপুর বাজারে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলীয় আলোচনা করেন। রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে মহব্বত তাঁর নিজের মোটর-সাইকেলে ফিরোজকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার আগে গ্রামের সড়কে ছোট একটি সেতু আছে।
ওই সেতুর পাশের বাড়ির বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখেন, সেতুর ওপর একটি বড় মাইক্রোবাস দাঁড়ানো। সাদা মাইক্রোবাসটির গ্লাসগুলো ছিল কালো। পাশে দুই ব্যক্তি (একজন ফরসা ও লম্বা, আরেকজন লম্বা ও কালো, ছোট করে চুল কাটা, অনেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতো) দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে তাঁরা বলেন, গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। এর ছয়-সাত মিনিট পর চেঁচামেচির শব্দ শুনে জাহাঙ্গীর বাড়ির বাইরে টর্চের আলোয় দেখতে পান, গাড়িটি দ্রুত চলে যাচ্ছে। সেতুর পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে।
নিহত মহব্বত হোসেনের মামা আইন উদ্দিন প্রামাণিক জানান, রোববার রাতে অপহরণের খবর পাওয়ার পর তাঁরা অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথায়ও পাওয়া যায়নি। সকালে খবর পান, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা উপজেলার বাগ কৃষ্ণপুর এলাকায় দুটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ দুটি শনাক্ত করেন।
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে খাদেই পড়ে আছে লাশ দুটি। নিহত দুজনের মুখের ভেতর গামছা ঢোকানো। মুখ ও নাক চওড়া লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো। মাথায় গুলির চিহ্ন। সড়কের পাশের বাসিন্দা মাহাবুল ইসলাম বলেন, রাতে কোনো গুলির শব্দ শুনতে পাননি। ভোর সাড়ে পাঁচটার দিকে খাদে লাশ পড়ে থাকতে দেখেন।
লাশের ময়নাতদন্তকারী রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শেখ মো. আবদুল হান্নান জানান, দুজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, ‘জানতে পেরেছি, অপহরণের পর মাইক্রোবাসটি খোকসার বিলজানি গ্রাম হয়ে পাংশা এলাকায় আসে। বিলজানি এলাকায় রাতে দুটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রাখা হয়।’
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা হরা হচ্ছে, ঠিকাদারি ব্যবসার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
দুই পরিবারে আহাজারি: মহব্বত ও ফিরোজের বাড়ি পাশাপাশি। গতকাল সকালে তাঁদের বাড়ি গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভিড়। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনেরা আহাজারি করছেন।
মহব্বতের এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্ত্রী সুলতানা খন্দকার বলেন, ‘ঠিকাদারি কাজ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। সেটা মিটে গেছে। তবে দু-তিন দিন ধরে তাঁর (মহব্বতের) খুব মন খারাপ ছিল। মুঠোফোনে রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ কথা হয়েছিল।
ফিরোজের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁর স্ত্রী আফরোজা মাহাবুব জানান, রাত সাড়ে ১১টার দিকেও স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। এ সময় স্বামী তাঁকে জানান, একটু পর বাড়ি চলে আসবেন। রাত একটার দিকে তুলে নেওয়ার খবর পেয়ে যোগাযোগ করা হলে ফোন ব্যস্ত পান।
পাংশায় অজ্ঞাত লাশ: উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রাম এলাকার একটি পুকুরের পাড় থেকে গতকাল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তকারী রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও আবদুল হান্নান জানান, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর লাশের মুখে আগুন দেওয়া হয়। এতে লাশের মুখ ও বুকের ওপরের অংশ পুড়ে গেছে।
পাংশা থানার ওসি আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
দামুড়হুদায় গুলি করে হত্যা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দামুড়হুদা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রোববার রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের পরনে ছিল শুধু লুঙ্গি। পাশে পড়ে ছিল এক জোড়া স্যান্ডেল। সন্ত্রাসীরা মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করায় মুখমণ্ডল ছিন্নভিন্ন হয়ে যায়, তাই চেনা যাচ্ছে না।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, খুনের কারণ ও নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।