খোকসার সেই যুবলীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় লাঠিসোঁটা দিয়ে ফেসবুক লাইভে স্থানীয় সাংসদকে খুঁজতে থাকা আলোচিত সেই যুবলীগ নেতা আবু ওবাইদা শাফিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ জানুয়ারি রাতে যুবলীগ নেতা আবু ওবাইদা শাফি তাঁর সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে খোকসা বাজারে স্থানীয় সাংসদ আবদুর রউফ ও খোকসা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধর করার জন্য অবস্থান নিয়েছেন বলে ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে প্রচার করেন। এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে সাংসদ আবদুর রউফের খালাতো ভাই এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন খোকসা থানায় একটি মামলা দায়ের করেন।

আবু ওবাইদা গতকাল দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মির্জা মাসুদুজ্জামান জামিন নামঞ্জুর করে আবু ওবাইদাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।