খোকা ও মান্নানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন করে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটি করপোরেশন সংক্রান্ত প্রাতিষ্ঠানিক দলের পরিবর্তে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পরিচালক হাফিজুর রহমানকে।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক সামছুল আলমকে।
দুদক সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মালিকানাধীন বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দ, নামমাত্র মূল্যে সিটি করপোরেশনের সম্পত্তি ইজারা, উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট, রাস্তা-ড্রেন, পদচারী সেতু নির্মাণ-সংস্কার, মশার ওষুধ, গাড়ি, টায়ার টিউব, রাস্তার বাতি, আসবাবপত্র ক্রয়, জনবল নিয়োগসহ আর্থিক খাতে দুর্নীতির অভিযোগ ছিল মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানে ২০১৩ সালের ২৩ অক্টোবর গঠন করা হয় ডিসিসির দুর্নীতি অনুসন্ধান সংক্রান্ত প্রাতিষ্ঠানিক দল। একজন উপপরিচালকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এ টিম নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারেনি। ফলে গঠনের ১০ মাসেই টিম তিন বার পুনর্গঠন করা হয়। সর্বশেষ ২০১৫ সালে উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহানের নেতৃত্বে টিম পুনর্গঠন করা হয়। পরে নানা অভিযোগের প্রেক্ষিতে ভেঙে দেওয়া হয় টিম। সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুর সিটি মেয়র থাকাকালে টেন্ডারবাজি, ব্যক্তিগত গাড়ি মেরামতের নামে ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। উপপরিচালক সামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখার চিঠি আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে পৌঁছায়।