খোকাকে আহ্বায়ক করে বিএনপির ঢাকা মহানগর কমিটি
অবশেষে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্য-সচিব করা হয়েছে আবদুস সালামকে। প্রায় তিন বছর কমিটিশূন্য থাকার পর গতকাল রোববার বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শুক্রবার এই কমিটি অনুমোদন করেন।বিএনপির ঢাকা মহানগরের সর্বশেষ কমিটিতে সাদেক হোসেন সভাপতি ও আবদুস সালাম সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালের ৪ জুন মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটির বাকি ১৯ জনই যুগ্ম আহ্বায়ক। তাঁরা হলেন: সালাহউদ্দিন আহমেদ, এস এ খালেক, নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু, কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, আবু সাঈদ খান, আবদুল লতিফ, এম এ মজিদ, শামসুল হুদা, সাজ্জাদ জহির, সাহাবউদ্দিন আহমেদ, আলী আজগর মাতব্বর, নূর জাহান মাহবুুব, আতিকউল্লাহ, আজিজ উল্লাহ, আনোয়ারুজ্জামান, আবদুল আলীম, মুন্সী বজলুল বাসিত ও মোহাম্মদ মোহন।