খোকাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ হত্যা চেষ্টার তেজগাঁও থানায় করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিনের আবেদনও নাকচ করা হয়। তবে সাদেক হোসেনকে এ মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। এর আগে শাহবাগ থানায় করা বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা মামলায় দুই দিনের পুলিশ রিমান্ডে ছিলেন সাদেক হোসেন। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
রিমান্ড আবদনে বলা হয়, ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের আগের দিন সাদেক হোসেনের নির্দেশে ও উসকানিতে তেজগাঁও থানার হালিম কমিউনিটির সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেন জোটের কর্মীরা। ঘটনাস্থল থেকে আটক এক আসামি জিজ্ঞাসাবাদে সাদেক হোসেনের নাম প্রকাশ করেছে বলে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
৪ ডিসেম্বর রাতে সাদেক হোসেনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে র‌্যাব।