খোকার আমলের ‘দুর্নীতি’ তদন্তে সংসদীয় উপকমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের কমিটির তদন্ত শেষ না হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেনের আমলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আরও একটি সংসদীয় উপকমিটি গঠন করেছে। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়। নতুন কমিটি ডিসিসির গাড়ি পার্কিং, বিপণিবিতান নির্মাণ ও দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে। কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরীকে উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। উপকমিটির অন্য সদস্যরা হলেন, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া এবং সরকারি দলের এ কে এম মোস্তাফিজুর রহমান, আশরাফ আলী খান ও মোস্তফা জালাল মহিউদ্দিন। কমিটিকে চার মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০০৯ সালের ২১ জুন স্থায়ী কমিটির বৈঠকে মনোয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছিল। তখন কমিটি থেকে অভিযোগ করা হয়, সিটি করপোরেশন তাদের প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেনি। গত ১১ জানুয়ারি এই কমিটিকে পুনরুজ্জীবিত করে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। বিএনপির নেতা সাদেক হোসেন ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। গতকালের বৈঠকের পর কমিটির সদস্য আশরাফ আলী খান সাংবাদিকদের বলেন, সাদেক হোসেনের সময়ে ডিসিসির বিভিন্ন মার্কেট ও গাড়ি পাকিং নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে কমিটির কাছে অভিযোগ আছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার জন্য উপকমিটি গঠন করা হয়েছে।কমিটির সভাপতি রহমত আলীর অনুপস্থিতিতে সদস্য নূর-ই-আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ।