খোকার কর্মকাণ্ড তদন্তে কমিটি গঠনের সুপারিশ

নির্বাচিত দুই মেয়রের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের সময়কালের কর্মকাণ্ড তদন্ত করতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময়কালের কর্মকাণ্ড তদন্তের জন্যও দুটি পৃথক কমিটি গঠন করতে বলেছে সংসদীয় কমিটি।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে ঢাকা দুই সিটি করপোরেশনে রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় না হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। কমিটি মন্ত্রণালয়কে আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ার কারণ অনুসন্ধান এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময়কালের কর্মকাণ্ড তদন্তের জন্যও দুটি পৃথক কমিটি গঠন করতে বলেছে। তিনটি কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, বৈঠকে দুই সিটির কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং কীভাবে রাজস্ব আদায় বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।
ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয় ২০০৭ সালে। এরপর আট বছর কোনো নির্বাচন হয়নি। উল্টো ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করা হয়। তখন থেকে দুই সিটিতে নির্বাচিত মেয়রের পরিবর্তে সরকার নিয়োজিত প্রশাসক দায়িত্ব পালন করেন। ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে উত্তর সিটিতে আনিসুল হক ও দক্ষিণ সিটিতে মোহাম্মদ সাঈদ খোকন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বৈঠকে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন না করায় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ধীরেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, কমিটি গত বছরের ২৭ অক্টোবর রাজশাহী পানি শোধনাগার প্রকল্প দ্রুত বাস্তবায়নের রাজশাহী ওয়াসাকে সুপারিশ করেছিল। কিন্তু তারা সেই সুপারিশ বাস্তবায়ন করেনি।
এ ছাড়া ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বৈঠকে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ কমিটির পরের বৈঠকে আলোচনার সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোজাফফর আহমদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, রহমত আলী, রাজি উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান ও ফজলে হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।