খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহবাগে বাস পোড়ানোর মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আবদুস সালাম। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী চিকিৎসা করানোর পর রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত বুধবার রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করে র‌্যাব। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর তাঁকে পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরানোর ঘটনায় শাহবাগ ও রমনা থানায় করা পৃথক দুটি গ্রেপ্তার দেখিয়ে বিকেল চারটায় আদালতে হাজির করা হয়। ১০ দিন করে দুই মামলায় খোকাকে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
পাঁচ নেতার জামিন আবেদন: এদিকে দুটি মামলায় গত মাসে গ্রেপ্তার হওয়া বিএনপির পাঁচ নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন চেয়ে পৃথক আবেদন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন করা হয়।
আবেদনকারীদের আইনজীবী এ কে এম এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, দুই মামলায় গত ২৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত পাঁচ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে হাইকোর্টে জামিনের পৃথক ছয়টি আবেদন করা হয়েছে।