খোকার পায়ে ছয় সেলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে আহত ঢাকা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পায়ে গতকাল সোমবার সকালে অস্ত্রোপচার করে ছয়টি সেলাই দিতে হয়েছে।এদিকে ঢাকার জজ আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার সাতজনকে গতকাল তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।ঢাকা সিটি করপোরেশন ভাগ করার প্রতিবাদে রোববার বিএনপির ডাকা হরতালের সময় আদালত চত্বরে হরতালকারীদের সঙ্গে পুলিশ ও সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সাদেক হোসেন খোকাকে প্রিজন ভ্যানে তুলে আদালত চত্বর থেকে সরিয়ে নেয় পুলিশ। এ ঘটনায় বিএনপি অভিযোগ করে, পুলিশ হেফাজতে খোকাকে ছুরি মারা হয়েছে। পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। পায়ে ক্ষত নিয়ে রোববারই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন খোকা।গতকাল রাত ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, গতকাল সকালে খোকার বাঁ ঊরুতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। ছোড়া ইটের টুকরা বা ধারালো কোনো কিছুর আঘাতে এই ক্ষত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।তিন দিনের রিমান্ড: গতকাল কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. শরীফ বলেন, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় থানার এসআই বি এম নাজমুল হুদা ও কনস্টেবল (চালক) হাসান আল মামুন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলাতেই ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে সাতজন গ্রেপ্তার রয়েছেন। এঁরা দুই মামলারই আসামি।আদালত সূত্র জানিয়েছে, ওই সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম জুলফিকার হায়াত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।