খোকার ৬৬ একর জমি সরকারের হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে সাদেক হোসেন খোকার বাজেয়াপ্ত জমি গতকাল সরকারের হেফাজতে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় তালতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
গাজীপুরের কালিয়াকৈরে সাদেক হোসেন খোকার বাজেয়াপ্ত জমি গতকাল সরকারের হেফাজতে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় তালতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি খাস খতিয়ানভুক্ত করে সরকারের হেফাজতে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় ওই জমিতে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেয়।
প্রায় আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাদেক হোসেনের এই জমি আদালতের নির্দেশে গাজীপুর জেলা প্রশাসন বাজেয়াপ্ত করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কালিয়াকৈরের ছয়টি মৌজায় সাদেক হোসেনের জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। এ নির্দেশে তাঁর জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন। পরে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার জানেরচালা, কালিয়াদহ, বাঁশতলী, তালতলী, কাঁচারস ও উত্তর রাঙামাটি মৌজায় সাদেক হোসেনের নেতৃত্বাধীন বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ৮৮ দশমিক ৭৪ একর জমি রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, ৬৬ দশমিক ৫৬ একরের মধ্যে কালিয়াদহ, বাঁশতলী, তালতলী, কাঁচারস ও উত্তর রাঙামাটি মৌজায় থাকা সাদেক হোসেনের ৬২ দশমিক ৬১ একর জমি সরকারের হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া জানেরচালা এলাকায় থাকা ৩ দশমিক ৯৫ একর জমিও হেফাজতে নেওয়া হয়েছে। বাকি ২২ দশমিক ১৮ একর জমি পড়েছে বন বিভাগের মধ্যে। ওই অংশ নিয়ে বন বিভাগের সঙ্গে মামলাও রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে সাদেক হোসেনের ৬৬ দশমিক ৫৬ একর কৃষিজমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খাসজমি হিসেবে রেকর্ড করা হয়েছে।’
এর আগে গত বুধবার রাজধানীর গুলশান-২ নম্বরে ৭২ নম্বর সড়কের ৯ নম্বর হোল্ডিংয়ে সাদেক হোসেনের মালিকানাধীন পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ভবনটিও বাজেয়াপ্ত করে সরকার। আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন সেখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।