খোকার 'রাজনৈতিক অবস্থান' নিয়ে বিএনপিতে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদেক হোসেন খোকা নিজের ‘রাজনৈতিক অবস্থান’ প্রকাশের পর বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর কমিটি নিয়ে দলের এতদিনের অন্তর্বিরোধ নীতিনির্ধারণী পর্যায়ে গিয়ে ঠেকেছে।
গত বুধবার আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে সাদেক হোসেন ঘোষণা দেন, তিনি দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়কের পদে আর দায়িত্ব পালন করতে চান না। এ বিষয়ে সাদেক হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কোনো ধরনের অভিমান থেকে তিনি এ সিদ্ধান্ত নেননি। এটি তাঁর রাজনৈতিক অবস্থান।
এদিকে সাদেক হোসেনের দেওয়া বক্তব্যের সূত্র ধরে ওই দিনই দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এ নিয়ে দলের ভেতরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে গতকাল বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির কোনো কোনো সদস্য মনে করেন, সাদেক হোসেনের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে, যা দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
জানতে চাইলে সাদেক হোসেন বলেন, বিরোধ উসকে দেওয়ার জন্য তিনি কোনো বক্তব্য দেননি। যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে এবং বিষয়টি আরও সহজ হয়ে যায়, সে জন্য তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছেন।
অবশ্য সাদেক হোসেনের সংবাদ সম্মেলন বা তাঁর বিপরীতে অবস্থান নেওয়া নেতাদের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায় থেকে গতকাল পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়ে বেশি মনোযোগী বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে ঢাকায় আন্দোলন গড়তে ব্যর্থতার দায় ও সমালোচনার মুখে যখন দলীয় প্রধান নিজেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেন, এমন সময়ে সাদেক হোসেন ঘোষণা দিলেন, তিনি আর মহানগরের দায়িত্ব পালন করতে রাজি নন। একই সঙ্গে তিনি আন্দোলনে ব্যর্থতার পুরো দায় নিতে অস্বীকৃতি জানিয়ে সমালোচকদের জবাবও দেন। তিনি ঢাকার আন্দোলনের ব্যর্থতার জন্য পরোক্ষভাবে দায়িত্বপ্রাপ্ত অপর ছয় নেতা—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ, বরকতউল্লা, সালাহউদ্দিন ও আবদুস সালামকে দায়ী করেন।
তাঁদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় বুধবারই বিভিন্ন গণমাধ্যমে সাদেক হোসেনের বক্তব্যের জবাব দেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁরা ঢাকায় বসবাস করি, সবাই ঢাকার আন্দোলনে ব্যর্থতার জন্য দায়ী। কথা হচ্ছে, তিনি ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে চান কেন? দায়িত্ব পালন করতে চান না ভালো কথা। কথাটা চেয়ারপারসনকে না বলে সংবাদ সম্মেলন করতে গেলেন কেন?’
এতে দলের অভ্যন্তরীণ বিবাদ নীতিনির্ধারণী পর্যায়ে ছড়িয়ে যাবে কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যেখানে খুশি ছড়াক, সত্যকে সত্য, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলেই যাব।’